জলপাইগুড়ির কর্মসূচিতে যোগ দিতে বাগডোগরায় সুকান্ত মজুমদার ও অর্জুন সিং, একাধিক ইস্যুতে সরব”
শিলিগুড়ি: জলপাইগুড়ির নির্ধারিত কর্মসূচিতে অংশ নিতে শুক্রবার সকালে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছালেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার ও মন্ত্রী অর্জুন সিং।
বিমানবন্দরে তাঁদের স্বাগত জানান বিজেপির উত্তরবঙ্গের একাধিক নেতা ও কর্মীরা।
বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত মজুমদার সীমান্ত নিরাপত্তা, রেল উন্নয়ন, মহিলা সংরক্ষণ, বহরমপুরের মর্মান্তিক দুর্ঘটনা ও রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ মন্তব্য করেন।
সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ প্রসঙ্গে তিনি বলেন, আগের রাজ্য সরকার বিএসএফকে প্রয়োজনীয় জমি দিতে সহযোগিতা করেনি।
তবে বর্তমান সরকার দ্রুত জমি হস্তান্তর করায় সীমান্তে বেড়া নির্মাণের কাজ অনেকটাই গতি পেয়েছে বলে দাবি করেন তিনি।
রেল উন্নয়ন নিয়ে তিনি জানান, দেশে প্রথম হাইড্রোজেন ইঞ্জিনচালিত ট্রেনের উদ্বোধন হতে চলেছে।
পাশাপাশি পশ্চিমবঙ্গের ২৫টি অমৃত ভারত স্টেশনেরও উদ্বোধন করা হচ্ছে, যা রাজ্যের রেল পরিকাঠামো উন্নয়নে বড় পদক্ষেপ বলে উল্লেখ করেন তিনি।
মহিলা সংরক্ষণ প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, দেশের বৃহত্তর স্বার্থে ও মহিলাদের রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিত করতে গিয়ে যদি দলের সাময়িক কিছু ক্ষতিও হয়, তবুও সেই সিদ্ধান্ত মেনে নেওয়া উচিত।
বহরমপুরে স্কুলপড়ুয়াদের বহনকারী পুলকার দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করে তিনি বলেন, এটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা।
ঘটনার নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করে সুকান্ত মজুমদার বলেন, “শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে ভাইপো ছাড়া আর কেউ থাকবে না।”
তাঁর এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে।
বিমানবন্দরে সংক্ষিপ্ত সময় অবস্থানের পর সুকান্ত মজুমদার ও অর্জুন সিং সড়কপথে জলপাইগুড়ির উদ্দেশে রওনা দেন।
সেখানে একাধিক বৈঠক, কর্মসূচি অংশ নেওয়ার কথা রয়েছে।















































