কড়া নিরাপত্তার মুখে স্থগিত নামাজের কর্মসূচি, দমদম বিমানবন্দরে উত্তেজনা এড়াল প্রশাসন!

কলকাতা: দমদম বিমানবন্দরের অভ্যন্তরে অবস্থিত বাঁকড়া মসজিদকে কেন্দ্র করে শুক্রবার সম্ভাব্য উত্তেজনার আশঙ্কায় নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করল প্রশাসন।

বিমানবন্দরের ৭ নম্বর গেট ও সংলগ্ন এলাকায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (BNSS) ১৬৩ ধারা জারি করা হয়।

মোতায়েন করা হয় বিপুল সংখ্যক পুলিশ, র‍্যাফ, কেন্দ্রীয় বাহিনী ও জলকামান।

মসজিদে নামাজ আদায়ের কর্মসূচির ডাক দিয়েছিলেন সংখ্যালঘু নেতা সিদ্দিকুল্লা চৌধুরী।

তবে এদিন বিমানবন্দর চত্বরে পৌঁছে পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক করার পর তিনি কর্মসূচি স্থগিত রাখার কথা জানান।

ফলে সম্ভাব্য সংঘাতের আশঙ্কা অনেকটাই প্রশমিত হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিমানবন্দরের নিরাপত্তা, আইনশৃঙ্খলা ও যাত্রী পরিষেবায় যাতে কোনও বিঘ্ন না ঘটে, সেই কারণেই আগাম এই কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছিল।

গোটা এলাকায় পুলিশি নজরদারি জোরদার করা হয় ও কোথাও যাতে জমায়েত না হয়, সেদিকেও বিশেষ নজর রাখা হয়।

উল্লেখ্য, প্রায় ১৩৬ বছরের পুরনো বাঁকড়া মসজিদটি দমদম বিমানবন্দরের দ্বিতীয় রানওয়ের খুব কাছেই অবস্থিত।

বিমানবন্দর কর্তৃপক্ষের দাবি, রানওয়ে সম্প্রসারণ ও উড়ান নিরাপত্তার স্বার্থে মসজিদটি স্থানান্তর করা প্রয়োজন।

সেই প্রক্রিয়ার অংশ হিসেবে ইতিমধ্যেই মসজিদে প্রবেশের এন্ট্রি পাস বাতিল করা হয়েছে ও সেখানে নামাজ আদায়ও বন্ধ রয়েছে।

এই পরিস্থিতিতে শুক্রবারের কর্মসূচি শেষ পর্যন্ত না হওয়ায় আপাতত পরিস্থিতি শান্ত থাকলেও, মসজিদ স্থানান্তরের সিদ্ধান্ত ঘিরে বিতর্ক এখনও অব্যাহত। প্রশাসন পুরো বিষয়টির উপর কড়া নজর রাখছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here