দার্জিলিং: দার্জিলিং পাহাড়ে তৃণমূল কংগ্রেসে বড়সড় ভাঙনের ছবি সামনে এলো।
পাহাড় তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান এল বি রাই সহ দলের একাধিক গুরুত্বপূর্ণ সদস্য একযোগে দল থেকে ইস্তফা।
সোমবার এই ইস্তফার ঘোষণা করা হয়।
ইস্তফাপত্র জেলা সভাপতি শান্তা ছেত্রী-র উদ্দেশ্যে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।
পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন মিরিক মহকুমা সভাপতি অনিল ছেত্রী, সম্পাদক শিশির রাই, দলের প্রতিনিধি দিমুক তামাং, সুরেশ তামাং ও যুব কেন্দ্রীয় সহ-সভাপতি বিকাশ সুব্বা।
শুধু তাই নয়, মিরিকের সমস্ত তৃণমূল কংগ্রেস কমিটিও ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে দলের ভরাডুবির পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।
এল বি রাই জানান, নির্বাচনের ফলাফলকে সম্মান জানিয়েই দলের সদস্যরা সম্মিলিতভাবে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছে।
পাশাপাশি তাঁরা শুধু পদ নয়, সাধারণ সদস্যপদ থেকেও সরে দাঁড়াচ্ছেন বলে জানিয়েছেন।
এই গণইস্তফার ঘটনায় পাহাড়ের রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা তৈরি হয়েছে।














































