কর্ণসুবর্ণে খোলা রেলগেটের মর্মান্তিক পরিণতি! ট্রেনের ধাক্কায় দুই শিশু-সহ ৩ জনের মৃত্যু, গেটম্যান সাসপেন্ড!

মুর্শিদাবাদ: মুর্শিদাবাদের বহরমপুর মহকুমার কর্ণসুবর্ণ স্টেশন সংলগ্ন লেভেল ক্রসিংয়ে ভয়াবহ রেল দুর্ঘটনায় প্রাণ হারাল দুই শিশু ও এক বৃদ্ধ।

শুক্রবার সকালে কর্ণসুবর্ণ ও গোবিন্দপুর স্টেশনের মধ্যবর্তী আপ লাইনে কাটোয়াগামী নিমতিতা – কাটোয়া ডাউন প্যাসেঞ্জার ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ৯ বছরের জেসিকা ইয়াসমিন, ৬ বছরের ফারহানা সুলতানা ও ৬৫ বছরের জামশেদ আলির।

প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, ট্রেন আসার সময়ও লেভেল ক্রসিংয়ের গেট খোলা ছিল।

গেট খোলা দেখে একটি স্কুল পুলকার ও এক সাইকেল আরোহী রেললাইন পার হওয়ার চেষ্টা করলে দ্রুতগতির ট্রেনের ধাক্কায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

ঘটনার পরই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা রেললাইনে বিক্ষোভে সামিল হন ও গেটম্যানকে গেট কেবিনে আটকে রেখে বাইরে তালা ঝুলিয়ে দেন।

পরে বহরমপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও অভিযুক্ত গেটম্যানকে উদ্ধার করে হেফাজতে নেয়।

স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত গেটম্যান দীর্ঘদিন ধরেই দায়িত্ব পালনে গাফিলতি করতেন ও নেশাগ্রস্ত অবস্থায় ডিউটি করার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।

যদিও এই অভিযোগের সরকারি সত্যতা এখনও নিশ্চিত হয়নি।

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক জানান, প্রাথমিক তদন্তে সিগন্যালিং ব্যবস্থায় কোনও যান্ত্রিক ত্রুটি পাওয়া যায়নি। ট্রেনটি বৈধ সংকেত মেনেই চলছিল।

ঘটনার জন্য গেটম্যান ও দায়িত্বপ্রাপ্ত সুপারভাইজারের গাফিলতির অভিযোগে দু’জনকেই সাময়িক বরখাস্ত করা হয়েছে।

পাশাপাশি ঘটনার পূর্ণাঙ্গ তদন্তে ১০ সদস্যের উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে রেল কর্তৃপক্ষ।

রেলের পক্ষ থেকে নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ও গুরুতর আহতদের ২.৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে।

রাজ্য সরকারের পক্ষ থেকেও নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা ও আহতদের সম্পূর্ণ চিকিৎসার খরচ বহনের ঘোষণা করা হয়েছে।

এই মর্মান্তিক দুর্ঘটনা ফের লেভেল ক্রসিং নিরাপত্তা ব্যবস্থা ও দায়িত্বপ্রাপ্ত কর্মীদের জবাবদিহি নিয়ে বড় প্রশ্ন তুলে দিল।

বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক হলেও এলাকায় এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। রেল পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here