পরকীয়ার জেরে নৃশংস খুন! হাঁসখোয়া চা বাগানে গলাকাটা দেহ উদ্ধারের ঘটনায় মৃতের স্ত্রী-সহ গ্রেপ্তার ৫!

শিলিগুড়ি: হাঁসখোয়া চা বাগানের ৯ নম্বর সেকশন থেকে গলাকাটা অবস্থায় এক যুবকের দেহ উদ্ধারের ঘটনায় বড় সাফল্য পেল বাগডোগরা থানার পুলিশ।

ঘটনার তদন্তে নেমে মৃতের স্ত্রী-সহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

প্রাথমিক তদন্তে উঠে এসেছে, বিবাহবহির্ভূত সম্পর্ককে কেন্দ্র করেই এই নৃশংস খুনের ছক কষা হয়েছিল।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের স্ত্রী টুম্পা ঘোষ ওরফে মোমিনা বেগমের সঙ্গে বাগডোগরার বাসিন্দা সুদীপ পালের দীর্ঘদিনের বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল।

অভিযোগ, সেই সম্পর্কের জেরেই প্রেমিক সুদীপ পাল, জলপাইগুড়ির বাপি রায়, নিতাই পাল, কাশীনাথ পাল ওরফে পাতানু-সহ আরও এক সহযোগীকে নিয়ে পরিকল্পনা করে যুবককে খুন করা হয়।

তদন্তে নেমে পুলিশ প্রথমে জলপাইগুড়ি থেকে বাপি রায়, নিতাই পাল ও কাশীনাথ পাল ওরফে পাতানুকে গ্রেপ্তার করে।

পরে বাগডোগরা থেকে সুদীপ পাল ও মৃতের স্ত্রী টুম্পা ঘোষ ওরফে মোমিনা বেগমকে আটক করা হয়।

উল্লেখ্য, মঙ্গলবার সকালে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত হাঁসখোয়া চা বাগানের ৯ নম্বর সেকশন থেকে গলাকাটা অবস্থায় ওই যুবকের দেহ উদ্ধার হয়।

চা শ্রমিকদের নজরে পড়তেই খবর দেওয়া হয় বাগডোগরা থানায়।

ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মৃতদেহ উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়।

তদন্তে ডগ স্কোয়াডও নামানো হয়।

পুলিশ সূত্রে খবর, ধৃতদের জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে। তবে তদন্তের স্বার্থে এখনও সব তথ্য প্রকাশ করা হচ্ছে না।

কীভাবে খুনের পরিকল্পনা করা হয়েছিল ও এই ঘটনায় আরও কারও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here