১৪ চাকার ট্রাকে ২২টি মহিষের বাছুর উদ্ধার, গ্রেফতার চালক!

শিলিগুড়ি: বৈধ নথিপত্র ছাড়াই ২২টি মহিষের বাছুর পরিবহণের অভিযোগে ফাঁসিদেওয়ায় একটি ১৪ চাকার ট্রাক আটক করল পুলিশ। উদ্ধার করা হয়েছে ট্রাকে থাকা ২২টি মহিষের বাছুর। ঘটনায় ট্রাকচালককে গ্রেফতার করার পাশাপাশি ট্রাকটিও বাজেয়াপ্ত করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বিধাননগর আইসি-র এসআই রাকেশ ব্রহ্মের নেতৃত্বে পুলিশ ভিম্বার এলাকায় নাকা চেকিং চালাচ্ছিল। সেই সময় বিজলিমণি এলাকায় ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের কাছে সন্দেহজনক একটি ১৪ চাকার আসাম নম্বরের ট্রাক আটক করা হয়।

তল্লাশি চালিয়ে ট্রাকের ভিতর বিভিন্ন বয়স ও আকারের মোট ২২টি মহিষের বাছুর দেখতে পান পুলিশকর্মীরা।

পুলিশের দাবি, পশুগুলির পরিবহণ সংক্রান্ত বৈধ ক্রয় নথি দেখাতে পারেননি চালক।

এরপর নিয়ম মেনে সিজার লিস্ট তৈরি করে ভিডিওগ্রাফির মাধ্যমে ট্রাক ও ২২টি মহিষের বাছুর বাজেয়াপ্ত করা হয়।

ঘটনায় ট্রাকচালক মুশারুপ হক (২৭)-কে গ্রেফতার করা হয়। সে অসমের বরপেটা জেলার বারপেটা রোড থানার অন্তর্গত খৈরবাড়ি এলাকার বাসিন্দা বলে পুলিশ সূত্রে খবর।

উদ্ধার হওয়া মহিষের বাছুরগুলিকে নিরাপদ হেফাজতের জন্য বিজলিমণি খোঁয়াড়ে রাখা হয়েছে।

কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল ও এই পরিবহণের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here