নাকা চেকিংয়ে বিলাসবহুল বাস থেকে উদ্ধার সাড়ে ২২ লক্ষ টাকা, আটক চালক!

কোচবিহার: অসম-বাংলা সীমান্তের ২৭ নম্বর জাতীয় সড়কে নাকা চেকিংয়ের সময় একটি বিলাসবহুল যাত্রীবাহী বাস থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ নগদ টাকা।

শুক্রবার দুপুরে বক্সিরহাট থানার ভাঙাপাকরি নাকা চেকিং পয়েন্টে তল্লাশির সময় উদ্ধার হয় মোট ২২ লক্ষ ৫০ হাজার টাকা। ঘটনায় বাসের চালককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার দুপুরে ভাঙাপাকরি নাকা চেকিং পয়েন্টে তল্লাশি অভিযান চালানো হয়। সেই সময় AS-15 AC-4944 নম্বরের অসমের একটি বিলাসবহুল যাত্রীবাহী বাস আটক করে তল্লাশি চালান পুলিশকর্মীরা।

তল্লাশির সময় চালকের আসনের নিচে লুকিয়ে রাখা অবস্থায় বেশ কয়েকটি টাকার বান্ডিল উদ্ধার হয়।

টাকা গুনে দেখা যায়, উদ্ধার হওয়া নগদের পরিমাণ ২২ লক্ষ ৫০ হাজার টাকা। উদ্ধার হওয়া টাকার অধিকাংশই ৫০০ টাকার নোটের বান্ডিল বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।পাশাপাশি ২০০ ও ১০০ টাকার নোটও ছিল।

জানা গিয়েছে, বাসটি আলিপুরদুয়ার জেলার জয়গাঁ থেকে ভুটানের গেলেফুর উদ্দেশে যাচ্ছিল।

বাসে মহিলা-সহ প্রায় ২০ থেকে ২২ জন যাত্রী ছিলেন। নাকা চেকিংয়ের সময় বাসটি থামিয়ে সমস্ত যাত্রীকে নামিয়ে তল্লাশি চালানো হয়। তবে উদ্ধার হওয়া টাকার দাবিদার হিসেবে কাউকেই পাওয়া যায়নি বলে পুলিশ সূত্রে খবর।

পরবর্তীতে যাত্রীদের অন্য একটি বাসে করে গন্তব্যের দিকে পাঠানোর ব্যবস্থা করা হয়। অন্যদিকে, এত বিপুল পরিমাণ টাকা কোথা থেকে এল ও কী উদ্দেশ্যে তা নিয়ে যাওয়া হচ্ছিল, তা নিয়ে তদন্ত শুরু করেছে বক্সিরহাট থানার পুলিশ।

টাকার সঙ্গে বাসের চালক কিংবা অন্য কারও যোগ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। বর্তমানে চালককে জিজ্ঞাসাবাদ করে ঘটনার সম্পূর্ণ রহস্য উদঘাটনের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here