সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রাক্তন বিধায়কের মন্তব্য, ‘যারা গ্রেফতার করেছে, তারাই কারণ বলতে পারবে’
কৃষ্ণনগর: প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল কংগ্রেস নেতা উদয়ন গুহকে গ্রেফতার করে দিনহাটায় নিয়ে যাওয়ার পথে কৃষ্ণনগরের একটি রেস্তোরাঁয় মধ্যাহ্নভোজের জন্য থামে পুলিশি কনভয়।
সেখানে পুলিশের অন্যান্য আধিকারিকদের সঙ্গে তিনিও দুপুরের খাবার খান।
সূত্রের খবর, বুধবার কলকাতার ফুলবাগান এলাকা থেকে উদয়ন গুহকে গ্রেফতার করা হয়।
এরপর তাঁকে আদালতে পেশ করা হলে দিনহাটা পুলিশের হেফাজতে হস্তান্তরের অনুমতি দেওয়া হয়। আদালতের নির্দেশ মেনে সড়কপথে তাঁকে দিনহাটায় নিয়ে যাওয়া হচ্ছিল।
পথে দীর্ঘ যাত্রার কারণে কৃষ্ণনগরের একটি রেস্তোরাঁয় পুলিশি বহরটি কিছু সময়ের জন্য থামে।
সেখানেই মধ্যাহ্নভোজ সারেন উদয়ন গুহ ও তাঁর সঙ্গে থাকা পুলিশ কর্মীরা।
এই সময় উপস্থিত সাংবাদিকরা তাঁকে গ্রেফতারের কারণ সম্পর্কে প্রশ্ন করলে উদয়ন গুহ বলেন, “আমাকে কেন গ্রেফতার করা হয়েছে, আমি জানি না। যারা গ্রেফতার করেছে, তারাই সঠিক কারণ বলতে পারবে।”
তাঁর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে। তবে মামলার তদন্ত ও আইনি প্রক্রিয়া চলমান থাকায় এ বিষয়ে এখনও বিস্তারিত মন্তব্য করেনি পুলিশ প্রশাসন।
দিনহাটায় পৌঁছানোর পর উদয়ন গুহকে স্থানীয় আদালতে পেশ করা হতে পারে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।















































