শিলিগুড়ি: টোটো চালকদের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়া নিয়ে মঙ্গলবার শিলিগুড়িতে প্রতিবাদ সভা ও অবস্থান কর্মসূচির আয়োজন করল ই-রিকশা চালক ইউনিয়ন (CITU)।
শিলিগুড়ির হেড পোস্ট অফিসের সামনে গান্ধী মূর্তির পাদদেশে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সংগঠনের পক্ষ থেকে উদয়ন দাসগুপ্ত জানান, দীর্ঘদিন ধরে টোটো চালকদের নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।
বিশেষ করে শিলিগুড়ির প্রধান সড়কগুলিতে টোটো চলাচলে একাধিক বিধিনিষেধ ও হয়রানির অভিযোগ তুলে ধরেন তিনি।
সংগঠনের দাবি, সমস্ত টোটো চালকদের জন্য ড্রাইভিং লাইসেন্সের ব্যবস্থা করতে হবে।
পাশাপাশি, টোটো চলাচলকে সুশৃঙ্খল করতে হলে অনিয়ন্ত্রিতভাবে নতুন টোটো বাজারে আসা বন্ধ করতে হবে।
সে জন্য নতুন টোটো তৈরির কারখানা ও বিক্রিকেন্দ্র নিয়ন্ত্রণের দাবিও জানানো হয়।
এছাড়াও টোটো চালকদের স্বার্থ রক্ষায় আরও কয়েকটি দাবি প্রশাসনের সামনে তুলে ধরা হয়।
সংগঠনের দাবি, প্রশাসন দ্রুত তাদের দাবিগুলি বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুক।
এই দাবিগুলিই প্রশাসনের নজরে আনতেই এদিনের প্রতিবাদ সভা ও অবস্থান কর্মসূচির আয়োজন করা হয়।















































