শিলিগুড়ি: উত্তরবঙ্গে কিডনি প্রতিস্থাপন পরিষেবায় গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করল শিলিগুড়ির নিওটিয়া গেটওয়েল মাল্টিস্পেশালিটি হাসপাতাল।
হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, এখনও পর্যন্ত ৫৭টি সফল কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। শনিবার হাসপাতালের কনফারেন্স হলে সাংবাদিক বৈঠক করে এই সাফল্যের কথা তুলে ধরা হয়।
হাসপাতালের নেফ্রোলজি বিভাগের লিড কনসালট্যান্ট ডা. অজিত কুমার সিং জানান, নেফ্রোলজি, ইউরোলজি, অ্যানেস্থেসিওলজি সহ কার্ডিও-থোরাসিক অ্যান্ড ভাসকুলার সার্জারি বিভাগের সমন্বিত পরিষেবাই কিডনি প্রতিস্থাপন কর্মসূচির অন্যতম প্রধান ভিত্তি।
ইউরোলজি বিভাগের লিড কনসালট্যান্ট ডা. অভিষেক কুমার সিং বলেন, উত্তরবঙ্গের রোগীদের জটিল কিডনি প্রতিস্থাপনের জন্য এখন আর কলকাতা বা অন্যান্য বড় শহরে যাওয়ার প্রয়োজন অনেকটাই কমেছে। শিলিগুড়িতেই এই ধরনের উন্নত চিকিৎসা পরিষেবা পাওয়া যাচ্ছে।
নেফ্রোলজি বিভাগের লিড কনসালট্যান্ট ডা. সুতনয় ভট্টাচার্য সময়মতো চিকিৎসা শুরু করা ও নিয়মিত ট্রান্সপ্লান্ট ওয়ার্ক-আপের গুরুত্ব তুলে ধরেন। কিডনি প্রতিস্থাপনের আগে ও পরে রোগীর নিয়মিত পর্যবেক্ষণ সাথে চিকিৎসকদের পরামর্শ মেনে চলার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন ইউরোলজি বিভাগের ডা. কিশোর রায়, CTVS বিভাগের ডা. রাজীব ত্রেহান, অ্যানেস্থেসিওলজি বিভাগের লিড কনসালট্যান্ট ও HOD ডা. ইকবাল রহমান সহ ডা. রোহিত ধানুকা।
হাসপাতালের ফ্যাসিলিটি ডিরেক্টর ডা. সঞ্জীব সরকার ও ডেপুটি জেনারেল ম্যানেজার শুভময় মিত্র হাসপাতালের উন্নত পরিকাঠামো ও প্রযুক্তিনির্ভর চিকিৎসা পরিষেবার বিষয়টি তুলে ধরেন।
হাসপাতাল কর্তৃপক্ষের মতে, ৫৭টি সফল কিডনি প্রতিস্থাপন উত্তরবঙ্গে উন্নত রেনাল কেয়ার ও ট্রান্সপ্লান্ট পরিষেবার পরিধিকে আরও শক্তিশালী করেছে।















































