পুলিশ-আবগারি দপ্তরের যৌথ অভিযান
রাজগঞ্জ: অবৈধ চোলাই মদের কারবারের বিরুদ্ধে অভিযানে নেমে বিপুল পরিমাণ চোলাই মদ ও ফারমেন্টেড ওয়াশ উদ্ধার করল পুলিশ ও আবগারি দপ্তর।
শনিবার জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের জলডুমুর ও নেপালীবস্তি এলাকায় যৌথভাবে অভিযান চালানো হয়।
ভোরের আলো থানার পুলিশ ও এনজেপি আবগারি দপ্তরের আধিকারিকরা ওই দুই এলাকায় অভিযান চালান।
অভিযানে নেপালীবস্তি এলাকা থেকে ফ্রিজে মজুত করে রাখা চোলাই মদ উদ্ধার করা হয়।
পাশাপাশি জলডুমুর এলাকা থেকে বিপুল পরিমাণ ফারমেন্টেড ওয়াশ উদ্ধার করেন আধিকারিকরা।
উদ্ধার হওয়া চোলাই মদ ও ফারমেন্টেড ওয়াশ ঘটনাস্থলেই নষ্ট করে দেওয়া হয়।
অবৈধ চোলাই মদের কারবার বন্ধ করতে আগামী দিনেও ধারাবাহিকভাবে অভিযান চালানো হবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।















































