শ্রীরামপুর: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR-কে কেন্দ্র করে ফের সরব হলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শনিবার শ্রীরামপুরে এক জনসভা থেকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে নিশানা করে তীব্র আক্রমণ করেন তিনি।
SIR-এর শুরু থেকেই এর পদ্ধতি ও ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার বিষয়টি নিয়ে আপত্তি জানিয়ে আসছিল তৃণমূল।
SIR নিয়ে প্রথম থেকেই একাধিক প্রশ্ন তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও সরব হয়েছিল তৃণমূল।
বিশেষ করে ভোটার তালিকা সংক্রান্ত তথ্য ও সংশোধন প্রক্রিয়ায় দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের ভূমিকা নিয়েও দলের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়।
পরবর্তী সময়ে SIR-এর প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের অন্দরেও মতপার্থক্যের খবর প্রকাশ্যে আসে।
কমিশনের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া ও ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত বিষয় নিয়ে একাধিক আপত্তির কথা সামনে আসায় বিরোধীদের আক্রমণের সুর আরও চড়েছে।
এই আবহেই শনিবার শ্রীরামপুরের সভা থেকে জ্ঞানেশ কুমারকে ফের নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
তাঁর অভিযোগ, SIR-এর মাধ্যমে রাজ্যে বিপুল সংখ্যক মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। এই বিষয়কে সামনে রেখে নির্বাচন কমিশনের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাওয়ার বার্তাও দেন তিনি।
সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “ভ্যানিশ কুমারকে যেমন ধরেছি, তেমন অন্যায়কারীদের ধরব। ভ্যানিশ কুমার মাস্ট গো। যতদিন না যাবে, আমাদের আন্দোলন চলবে।”
SIR-কে ঘিরে ভোটার তালিকা সংশোধন, নাম বাদ পড়া ও সেই নাম পুনরায় অন্তর্ভুক্তির প্রক্রিয়া নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক বিতর্ক তীব্র হয়েছে।
নির্বাচন কমিশনের অন্দরমহলের মতপার্থক্যের খবর প্রকাশ্যে আসার পর সেই বিতর্কে নতুন মাত্রা যোগ হয়েছে।
শ্রীরামপুরের সভা থেকে মমতার বক্তব্যে স্পষ্ট হয়েছে, SIR ইস্যুকে সামনে রেখে আগামী দিনেও রাজনৈতিক আন্দোলন চালিয়ে যেতে চাইছে মমতার তৃণমূল।















































