শিলিগুড়ি: বহুদিনের অপেক্ষার অবসান ঘটতে চলেছে।
আজ বিকেলে শিলিগুড়ির মহাত্মা গান্ধী চক এলাকার উড়ালপুলের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
উদ্বোধনকে ঘিরে শহরে উৎসবের আবহ তৈরি হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে শেষ মুহূর্তের প্রস্তুতি প্রায় সম্পূর্ণ।
মঞ্চ নির্মাণের কাজ শেষ পর্যায়ে, পাশাপাশি নিরাপত্তার স্বার্থে এলাকাজুড়ে কড়া পুলিশি নজরদারি চলছে।
এই উড়ালপুল শিলিগুড়ির অন্যতম গুরুত্বপূর্ণ পরিকাঠামো প্রকল্প।
দীর্ঘদিন ধরে শহরের যানজট কমানোর দাবি ছিল বাসিন্দাদের।
উড়ালপুল চালু হলে মহাত্মা গান্ধী চক ও সংলগ্ন এলাকায় যান চলাচল আরও দ্রুত ও স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, প্রথমে উড়ালপুলটি নীল-সাদা রঙে সাজানো হলেও রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের পর তার রঙে পরিবর্তন আনা হয়েছে।
এর আগেও উদ্বোধনের পরিকল্পনা থাকলেও মুখ্যমন্ত্রীর ব্যস্ত সরকারি কর্মসূচির কারণে তা পিছিয়ে যায়।
অবশেষে আজ সেই প্রতীক্ষার অবসান ঘটিয়ে মুখ্যমন্ত্রীর হাত ধরেই খুলে যাচ্ছে শিলিগুড়ির এই গুরুত্বপূর্ণ উড়ালপুল।















































