ভোটে হারের পর প্রথম জনসভা, শ্রীরামপুরে মমতার নিশানায় এসআইআর ও বিজেপি!

শ্রীরামপুর: ভোটে হারের পর কলকাতার বাইরে প্রথম জনসভা। শনিবার শ্রীরামপুরের কোর্ট ময়দানের সভা থেকে একাধিক ইস্যুতে সরব হলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে পাশে নিয়ে আয়োজিত সভায় এসআইআর, হকার উচ্ছেদ, কর্মসংস্থান ও অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য ও কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণ শানান তিনি।

বিধানসভা ভোটের ফলাফলের পর কলকাতার বাইরে প্রথম বড় জনসভায় মমতার বক্তব্যে বিশেষ গুরুত্ব পায় এসআইআর ইস্যু।

ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক মানুষের নাম বাদ পড়ার অভিযোগ তুলে নির্বাচন কমিশনকে নিশানা করেন তিনি।

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে কটাক্ষ করে মমতা বলেন, “ভ্যানিশ কুমারকে যেমন ধরেছি, তেমন অন্যায়কারীদের ধরব। ভ্যানিশ কুমার মাস্ট গো। যতদিন না যাবে, আমাদের আন্দোলন চলবে।”

এসআইআর নিয়ে বিরোধী দলগুলিকে একজোট হওয়ার বার্তাও দেন তৃণমূল নেত্রী।

তাঁর বক্তব্য, কোনও নির্দিষ্ট রাজনৈতিক দলের পরিচয় নয়, অভিন্ন ইস্যুকে সামনে রেখে একসঙ্গে আন্দোলন করা প্রয়োজন। জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে বিরোধী নেতাদের সঙ্গে তাঁর যোগাযোগের কথাও জানান তিনি।

এদিনের সভা থেকে হকার উচ্ছেদ নিয়েও সরব হন মমতা। কর্মহীনদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়ে প্রয়োজনে আদালতে লড়াই করার বার্তা দেন তিনি। পাশাপাশি অন্নপূর্ণা যোজনায় বঞ্চনার অভিযোগ তুলে কেন্দ্রের বিরুদ্ধেও সুর চড়ান।

পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তৃণমূল নেত্রী।

তাঁর অভিযোগ, সভায় যাতে দলীয় কর্মী-সমর্থকেরা যোগ দিতে না পারেন, সে জন্য আগের রাতে শ্রীরামপুরের বিভিন্ন এলাকায় তৃণমূল সমর্থকদের গ্রেফতার করা হয়েছে।

ভোটের ফলাফলের পর প্রথম জেলা জনসভায় মমতার বক্তব্যে তাই একদিকে যেমন সংগঠনকে চাঙ্গা করার বার্তা উঠে এসেছে, তেমনই এসআইআরকে সামনে রেখে বিরোধী ঐক্যের ডাক, বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে রাজনৈতিক আক্রমণও জোরালো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here