টানা বৃষ্টিতে দেওয়াল নরম হয়ে দুর্ঘটনার আশঙ্কা, শোকের ছায়া
ঝাড়গ্রাম: গভীর রাতে মাটির বাড়ির দেওয়াল ধসে চাপা পড়ে মৃত্যু হল এক ব্যক্তির।
মর্মান্তিক এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন তাঁর স্ত্রী।
ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের ভালকিশোল গ্রামে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম বিপিন শিং।
প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে স্বামী-স্ত্রী বাড়ির ভিতরে ঘুমিয়ে ছিলেন।
আচমকাই মাটির বাড়ির একটি দেওয়াল ভেঙে তাঁদের উপর ধসে পড়ে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন বিপিন। তাঁর স্ত্রীও গুরুতর আহত হন।
দেওয়াল ধসের শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। খবর দেওয়া হয় সাঁকরাইল থানায়।
এরপর পুলিশ ও গ্রামবাসীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। আহত মহিলাকে উদ্ধার করে প্রথমে ভাঙ্গাগড় গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
অন্যদিকে, ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা বিপিনকে উদ্ধারে জেসিবি নামানো হয়। দীর্ঘক্ষণ ধরে উদ্ধার অভিযান চালানোর পর তাঁকে উদ্ধার করা সম্ভব হলেও ততক্ষণে তাঁর মৃত্যু হয়েছে।
স্থানীয়দের প্রাথমিক অনুমান, টানা বৃষ্টির জেরে মাটির দেওয়াল নরম হয়ে যাওয়ার কারণেই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মৃতের পরিবারের পাশে দাঁড়িয়ে প্রশাসনের কাছে উপযুক্ত ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।















































