কলকাতা: ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যুবার্ষিকীতে কেওড়াতলা মহাশ্মশানে শ্রদ্ধা জানিয়ে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি ও তৃণমূল কংগ্রেসের নবগঠিত কমিটি নিয়ে একাধিক মন্তব্য করেন।
শ্রদ্ধার্ঘ্য নিবেদন শেষে তিনি বলেন, দেশের ঐক্য ও অখণ্ডতা রক্ষার প্রশ্নে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আত্মত্যাগ ভারতীয় রাজনীতিতে চিরস্মরণীয়।
তাঁর আদর্শ আজও জাতীয়তাবাদী চিন্তাধারার অন্যতম ভিত্তি হিসেবে কাজ করছে।
পাশাপাশি তৃণমূল কংগ্রেসের নবগঠিত জাতীয় কার্যনির্বাহী কমিটিতে দলের শীর্ষ দুই মুখ মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম না থাকা নিয়ে কটাক্ষ করেন শমীক ভট্টাচার্য।
তিনি বলেন, বিষয়টি তৃণমূলের অভ্যন্তরীণ হলেও রাজনৈতিক মহলে এ নিয়ে স্বাভাবিকভাবেই আলোচনা ও প্রশ্ন তৈরি হয়েছে।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক প্রভাব নিয়ে প্রশ্নের উত্তরে বিজেপি রাজ্য সভাপতি মন্তব্য করেন, রাজনৈতিক ক্ষমতা প্রচার বা বাহ্যিক আড়ম্বরের মাধ্যমে নির্ধারিত হয় না।
মানুষের সমর্থন, সাংগঠনিক গ্রহণযোগ্যতা ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাই একজন নেতার প্রকৃত রাজনৈতিক শক্তির পরিচয় দেয়।
তিনি আরও দাবি করেন, রাজ্যের মানুষ পরিবর্তনের পক্ষে মত দিচ্ছেন ও আগামী দিনে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমেই তার প্রতিফলন ঘটবে।
বিজেপি মানুষের পাশে থেকে কাজ করছে বলেও জানান তিনি।















































