কিং কোবরা ধরার সাহসিকতার মাশুল, ছোবলে প্রাণ গেল বৃদ্ধের
কালিম্পং: বিষধর কিং কোবরাকে হাতে তুলে সাহসিকতা প্রদর্শনের মাশুল দিতে হল এক বৃদ্ধকে।
সাপের ছোবলে মৃত্যু হয়েছে তাঁর। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে কালিম্পং জেলার নিমবং সংলগ্ন সন্ন্যাসী দাড়ায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এক বয়স্ক ব্যক্তি হঠাৎ একটি কিং কোবরার মুখোমুখি হন।
সাপটিকে দেখতে পেয়ে তিনি সেটিকে ধরে ফেলেন। সেই সময় তিনি কিছুটা মদ্যপ অবস্থায় ছিলেন বলেও স্থানীয় সূত্রে জানা যায়।
কিং কোবরাটিকে হাতে নিয়ে বিভিন্ন অঙ্গভঙ্গিতে নিজের সাহসিকতা প্রদর্শন করছিলেন ওই ব্যক্তি। আচমকাই সাপটি তাঁর হাত থেকে ছুটে যায়। এরপর সেটিকে ফের ধরার চেষ্টা করতেই কিং কোবরা তাঁকে ছোবল মারে।
ছোবল খাওয়ার পরও তিনি সাপটিকে ধরে রাস্তার মাঝখানে বসে পড়েন। তবে কিছুক্ষণের মধ্যেই বিষের প্রভাবে তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। ধীরে ধীরে তিনি নিথর হয়ে পড়েন ও শেষ পর্যন্ত মৃত্যুর কোলে ঢলে পড়েন।
এই ঘটনা ফের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, বিষধর সাপের সঙ্গে সাহসিকতা দেখানো কতটা বিপজ্জনক হতে পারে। কিং কোবরার মতো বিষধর সাপ দেখলে নিজে সেটিকে ধরার চেষ্টা না করে দ্রুত বন দপ্তর বা প্রশিক্ষিত সাপ উদ্ধারকারীদের খবর দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।















































