গৌতম দেবের পর এবার মানিক দে, শিলিগুড়ি পুরনিগমে পদত্যাগের ধারা অব্যাহত!

শিলিগুড়ি: প্রাক্তন মেয়র গৌতম দেবের পদত্যাগের পর এবার মেয়র-পরিষদের পদ ছাড়লেন জঞ্জাল বিভাগের দায়িত্বপ্রাপ্ত মানিক দে।

তাঁর এই সিদ্ধান্তকে ঘিরে পুরনিগমের অন্দরে নতুন করে জল্পনা শুরু হয়েছে।

শনিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মানিক দে জানান, গৌতম দেব মেয়র থাকাকালীন বিভিন্ন বিভাগের দায়িত্ব মেয়র-পরিষদদের হাতে তুলে দিয়েছিলেন।

গৌতম দেব পদত্যাগ করার পর সেই দায়িত্বে বহাল থাকার কোনও যুক্তি তিনি দেখছেন না বলেই পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।

পদত্যাগের পাশাপাশি প্রশাসনিক কাজে ব্যবহৃত সরকারি গাড়িও ফিরিয়ে দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি।

তবে জঞ্জাল বিভাগে দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতার কথা উল্লেখ করে মানিক দে জানান, ভবিষ্যতে নতুন প্রশাসন বা পুরনিগম কর্তৃপক্ষ চাইলে তিনি সহযোগিতা করতে প্রস্তুত।

এদিন সকালে ১৩নম্বর ওয়ার্ডে ফুটবলকে কেন্দ্র করে একটি বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেওয়ার পরই তিনি আনুষ্ঠানিকভাবে নিজের সিদ্ধান্তের কথা জানান।

রাজনৈতিক পরিবর্তনের এই সময়ে শিলিগুড়ির নাগরিক পরিষেবার উপর যাতে কোনও প্রভাব না পড়ে, সেই আশাই ব্যক্ত করেছেন মানিক দে।

তাঁর কথায়, রাজনৈতিক পরিস্থিতি যাই হোক না কেন, সাধারণ মানুষের স্বার্থ ও পুরনিগমের পরিষেবা সচল থাকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

গৌতম দেবের পর মানিক দে-র পদত্যাগে শিলিগুড়ি পুরনিগমের ভবিষ্যৎ প্রশাসনিক কাঠামো নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here