স্থায়ীকরণ ও বেতন বৃদ্ধির দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি, পথে উত্তরবঙ্গের সাফাই কর্মীরা!

শিলিগুড়ি: স্থায়ীকরণ, বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে আজ থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করলেন উত্তরবঙ্গ সাফাই কর্মচারী কল্যাণ সংগঠনের সদস্যরা।

কর্মবিরতির পাশাপাশি নিজেদের দাবির সমর্থনে এদিন শিলিগুড়ির রাস্তায় মিছিল করেন কয়েকশো সাফাই কর্মী।

এদিন বাঘাযতীন পার্ক থেকে মিছিল শুরু হয়। এরপর হিলকার্ট রোড হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে ফের বাঘাযতীন পার্কে এসে মিছিল শেষ হয়।

মিছিল থেকে সাফাই কর্মীদের স্থায়ীকরণ, বেতন বৃদ্ধি সহ অন্যান্য সুযোগ-সুবিধা প্রদানের দাবি ওঠে।

অস্থায়ী সাফাই কর্মীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে কাজ করেও এখনও তাঁদের স্থায়ীকরণ করা হয়নি।

প্রতিদিন কাজের চাপ বাড়লেও সেই তুলনায় তাঁদের পারিশ্রমিক বাড়েনি। পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠান বা বিশেষ দিনেও ছুটি না পাওয়ার অভিযোগ রয়েছে তাঁদের।

সাফাই কর্মীদের দাবি, দ্রব্যমূল্য ক্রমশ বাড়লেও তাঁদের বেতন দীর্ঘদিন ধরে একই জায়গায় রয়েছে।

যে টাকা তাঁরা বর্তমানে পান, তা দিয়ে সংসার চালানো ক্রমশ কঠিন হয়ে পড়ছে।

পরিবারের নিত্যপ্রয়োজনীয় খরচ সামলাতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে তাঁদের।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি চলবে।

তাঁদের দাবি, দীর্ঘদিন ধরে অস্থায়ীভাবে কাজ করা সাফাই কর্মীদের দ্রুত স্থায়ীকরণের পাশাপাশি বর্তমান বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন বৃদ্ধি করতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here