পাহাড়িয়া এক্সপ্রেসের পরিষেবা বাড়ানোর দাবি!


পর্যটনমন্ত্রী শংকর ঘোষকে চিঠি বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি অরুণ মণ্ডলের

শিলিগুড়ি: এনজেপি থেকে দিঘা পর্যন্ত চলাচলকারী পাহাড়িয়া এক্সপ্রেসের পরিষেবা বাড়ানোর দাবি জানাল বিজেপি।

বর্তমানে সপ্তাহে একদিন চলা এই ট্রেনটি যাতে বিকল্প দিনে চালানো হয়, সেই দাবিতে রাজ্যের পর্যটনমন্ত্রী তথা শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষকে চিঠি দিলেন বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলা সভাপতি অরুণ মণ্ডল।

বুধবার পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষের কাছে পাঠানো চিঠিতে অরুণ মণ্ডল জানান, পাহাড়িয়া এক্সপ্রেস (১৫৭২২/১৫৭২১) বর্তমানে এনজেপি ও দিঘার মধ্যে সপ্তাহে মাত্র একদিন চলাচল করে।

ফলে এই রুটে যাত্রীদের চাহিদা থাকলেও পর্যাপ্ত পরিষেবা মিলছে না।

বিশেষ করে সপ্তাহান্তে বেড়াতে যাওয়া যাত্রী, পরিবার নিয়ে ভ্রমণকারী ও প্রবীণ নাগরিকদের এই ট্রেনের উপর নির্ভরতা রয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

অরুণ মণ্ডলের দাবি, ট্রেনটি বিকল্প দিনে চালানো হলে উত্তরবঙ্গের বাসিন্দাদের দিঘা যাওয়া আরও সহজ হবে।

একইসঙ্গে দিঘা থেকে উত্তরবঙ্গের পর্যটন এলাকাগুলিতেও মানুষের যাতায়াত বাড়তে পারে।

চিঠিতে আরও বলা হয়েছে, ট্রেনের পরিষেবা বাড়লে শুধু যাত্রীদের সুবিধাই হবে না, এর প্রভাব পড়বে পর্যটন ব্যবসা, হোটেল, পরিবহণ ও স্থানীয় ব্যবসার উপরও।

উত্তরবঙ্গের পাহাড় ও দিঘার সমুদ্র দুই পর্যটন এলাকার মধ্যে সরাসরি যোগাযোগ আরও বাড়বে বলেও উল্লেখ করা হয়েছে।

এই বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট রেল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষের কাছে আবেদন জানিয়েছেন বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলা সভাপতি অরুণ মণ্ডল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here