পাইপলাইনের কাজ করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা
বাগুইআটি: বহুতলে জলের পাইপলাইনের কাজ করতে গিয়ে উপর থেকে পড়ে মৃত্যু হল এক শ্রমিকের।
শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে বাগুইআটির অশ্বিনীনগর এলাকায়। মৃতের নাম তপন সরকার (৪৮)। তিনি অশ্বিনীনগরের ৭ নম্বর এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে অশ্বিনীনগরের একটি বহুতলে জলের পাইপলাইনের কাজ করতে গিয়েছিলেন তপন সরকার।
কাজ চলাকালীন আচমকাই তাঁর পা পিছলে যায় বলে অভিযোগ। এরপর বহুতলের উপর থেকে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি।
ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানা গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বাগুইআটি থানার পুলিশ।
দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল ও কাজের ক্ষেত্রে কোনও নিরাপত্তার ঘাটতি ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।















































