চিকেনস নেক ও সীমান্ত নিরাপত্তা খতিয়ে দেখতে শনিবার শিলিগুড়িতে অমিত শাহ, উত্তরকন্যায় মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের সম্ভাবনা!

চিকেনস নেক ও সীমান্ত নিরাপত্তা খতিয়ে দেখতে শনিবার শিলিগুড়িতে অমিত শাহ, উত্তরকন্যায় মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের সম্ভাবনা

শিলিগুড়ি: উত্তরবঙ্গের সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা ও দেশের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডর বা ‘চিকেনস নেক’-এর সার্বিক নিরাপত্তা পর্যালোচনা করতে শনিবার শিলিগুড়ি সফরে আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

প্রশাসনিক সূত্রের খবর, সফরকালে তিনি শিলিগুড়ি করিডর পরিদর্শনের পাশাপাশি জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের জুম্মাগছ এলাকাও পরিদর্শন করতে পারেন।

সূত্রের খবর, শিলিগুড়িতে অবস্থানকালে উত্তরকন্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর একটি গুরুত্বপূর্ণ বৈঠকও হতে পারে।

সেখানে সীমান্ত নিরাপত্তা, উত্তরবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ বিভিন্ন প্রশাসনিক বিষয় নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

জুম্মাগছ এলাকায় সম্ভাব্য সফরকে কেন্দ্র করে ইতিমধ্যেই নিরাপত্তা জোরদার করা হয়েছে।

উল্লেখ্য, গত পঞ্চায়েত নির্বাচনের সময় এই এলাকায় রাজনৈতিক সংঘর্ষ ও সন্ত্রাসের একাধিক অভিযোগ সামনে এসেছিল।

শিলিগুড়ি সংলগ্ন দার্জিলিং জেলার ফাঁসিদেওয়া ও জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের ভারত- বাংলাদেশ সীমান্তের একাধিক অংশ এখনও উন্মুক্ত রয়েছে।

দীর্ঘদিন ধরে ওই এলাকাগুলিতে কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা থাকলেও জমি অধিগ্রহণ, মালিকানা সংক্রান্ত জটিলতা ও স্থানীয়দের একাংশের আপত্তির কারণে বহু জায়গায় কাজ সম্পূর্ণ হয়নি।

প্রশাসনিক সূত্রের দাবি, বর্তমান রাজ্য সরকার উন্মুক্ত সীমান্তে বেড়া নির্মাণের জন্য জমি হস্তান্তরের প্রক্রিয়া শুরু করেছে। এই কাজের অগ্রগতি নিয়েও স্বরাষ্ট্রমন্ত্রী খোঁজখবর নিতে পারেন।

এছাড়াও উত্তরবঙ্গের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, সীমান্তবর্তী জেলার নিরাপত্তা ব্যবস্থা সহ শিলিগুড়ি মহকুমা আদালত ও দার্জিলিং জেলা আদালতে দীর্ঘদিন ধরে বিচারাধীন গুরুত্বপূর্ণ মামলাগুলির অগ্রগতিও পর্যালোচনা করতে পারেন তিনি।

যদিও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক বা রাজ্য প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত এই সফরসূচি নিয়ে আনুষ্ঠানিক কোনও ঘোষণা করা হয়নি।

তবে শিলিগুড়ি ও সংলগ্ন এলাকার একাধিক স্পর্শকাতর বিষয় ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নজরে রয়েছে।

উন্মুক্ত সীমান্তে দ্রুত কাঁটাতারের বেড়া নির্মাণ, সীমান্তবর্তী এলাকায় ওয়াচ টাওয়ার স্থাপন সহ জাতীয় সড়ক ও সীমান্ত এলাকায় আধুনিক নজরদারি ক্যামেরা বসানোর পরিকল্পনাও নেওয়া হয়েছে।

অমিত শাহের এই সফরকে ঘিরে উত্তরবঙ্গের প্রশাসনিক ও রাজনৈতিক মহলে ইতিমধ্যেই ব্যাপক জল্পনা শুরু হয়েছে।

তাঁর সফরে সীমান্ত নিরাপত্তা জোরদার ও চিকেনস নেকের কৌশলগত সুরক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here