দুর্গাপুর: রাজ্যে রাজনৈতিক পালাবদল ঘটলেও মানুষের মানসিকতার পরিবর্তন এখনও সম্পূর্ণ হয়নি।
সেই পরিবর্তন আনতে আরও কিছুটা সময় লাগবে। বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে এমনই মন্তব্য করলেন রাজ্যের পর্যটনমন্ত্রী শংকর ঘোষ।
জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনী মঞ্চ থেকে কার্যত দলের কর্মীদেরই আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার বার্তা দিলেন তিনি।
মন্ত্রী শংকর ঘোষ বলেন, বিভিন্ন সময়ে বিভিন্ন ঘটনা ও খবর সামনে এলে মনে হয়, রাজ্যে রাজনৈতিক পরিবর্তন হলেও মানুষের মানসিকতার পরিবর্তন হতে এখনও বেশ কিছুটা সময় লাগবে।
তবে সেই পরিবর্তন যে সম্ভব, সে বিষয়ে আশাবাদী তিনি।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এই পরিবর্তন নিশ্চিতভাবেই আনা হবে বলেও আশ্বাস দেন পর্যটনমন্ত্রী।
দুর্গাপুরের এসবি মোড়ে স্বপ্ন উড়ান আয়োজিত জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পর্যটনমন্ত্রী শংকর ঘোষ ও সাংসদ মনোজ তিওয়ারি।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক, পুলিশ কমিশনার, দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়-সহ প্রশাসনের একাধিক আধিকারিক ও বিশিষ্ট ব্যক্তিরা।
উদ্বোধনী মঞ্চ থেকে মন্ত্রীর এই বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন আলোচনা।
রাজনৈতিক পরিবর্তনের পাশাপাশি মানসিকতা ও আচরণগত পরিবর্তনের যে প্রয়োজন রয়েছে, দলের কর্মীদের উদ্দেশে সেই বার্তাই দিতে চাইলেন শংকর ঘোষ।














































