আন্দোলনরত কর্মীদের ওপর হামলার অভিযোগ, আহত একাধিক; দু’জনকে জোর করে তুলে নিয়ে যাওয়ারও অভিযোগ
শিলিগুড়ি: শিলিগুড়ির সেবক রোডে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের অস্থায়ী কর্মীদের শান্তিপূর্ণ বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল।
আন্দোলনরত কর্মীদের অভিযোগ, ব্যাংক ম্যানেজমেন্টের নির্দেশে পুলিশ ঘটনাস্থলে এসে তাদের ওপর চড়াও হয়। পুলিশের লাঠিচার্জ ও মারধরে বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন বলেও অভিযোগ উঠেছে।
জানা গিয়েছে, দুটি মূল দাবিকে সামনে রেখে এদিন আন্দোলনে সামিল হয়েছিলেন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের অস্থায়ী কর্মীরা।
তাদের দাবি, সঠিকভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে সহ দীর্ঘদিনের বকেয়া প্রায় ৭৩ লক্ষ টাকা পরিশোধ করতে হবে।
আইডিবিআই ব্যাংক লিমিটেড কন্ট্রাক্ট এমপ্লয়িজ ইউনিয়নের রাজ্য অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নির্মল মাঝির দাবি, সকাল থেকেই শান্তিপূর্ণভাবে আন্দোলন চলছিল।
কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ তাদের দাবি মানতে রাজি না হয়ে পুলিশকে খবর দেয়। এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে বলে অভিযোগ।
ইউনিয়নের অভিযোগ, ঘটনাস্থলে পৌঁছে পুলিশ আন্দোলনরত কর্মী, ইউনিয়ন নেতৃত্ব ও এমনকি বয়স্ক ব্যক্তিদেরও মারধর করে।
চড়, ঘুসি ও লাঠি দিয়ে হামলার অভিযোগও তুলেছেন আন্দোলনকারীরা।
ঘটনায় একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে দাবি ইউনিয়নের।
আরও প্রায় ১২ জন আহত হয়ে বেসরকারিভাবে চিকিৎসা নিচ্ছেন বলেও জানানো হয়েছে।
পাশাপাশি, আন্দোলনকারীদের মধ্যে থেকে দু’জনকে পুলিশ জোর করে তুলে নিয়ে গিয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।
ঘটনার তীব্র নিন্দা জানিয়ে নির্মল মাঝি বলেন, কর্মীদের ন্যায্য দাবি নিয়ে শান্তিপূর্ণ আন্দোলনের ওপর এ ধরনের পুলিশি পদক্ষেপ কোনওভাবেই মেনে নেওয়া হবে না।
ব্যাংক ম্যানেজমেন্টের ভূমিকা ও পুলিশের আচরণের বিরুদ্ধে তারা প্রতিবাদ জানাচ্ছেন বলেও জানান তিনি।
তবে আন্দোলনকারীদের তোলা অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট পুলিশ ও ব্যাংক কর্তৃপক্ষের বক্তব্য এখনও পাওয়া যায়নি।















































