মাদক পাচারের অভিযোগে স্বামী-স্ত্রী সহ গ্রেপ্তার ৩, তদন্তে প্রধাননগর থানার পুলিশ
শিলিগুড়ি: হাতবদলের আগেই বিপুল পরিমাণ ব্রাউন সুগার উদ্ধার শিলিগুড়ি জংশন বাস টার্মিনাস এলাকায়।
প্রায় ৭৯০ গ্রাম ব্রাউন সুগার সহ তিনজনকে গ্রেপ্তার করেছে প্রধাননগর থানার পুলিশ।
ধৃতদের নাম সাধন রায়, অঞ্জলি কর্মকার ও কনক রায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সাধন ও অঞ্জলি স্বামী-স্ত্রী। তিনজনই দক্ষিণ দিনাজপুর জেলার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বিকেলে গোপন সূত্রে খবর পেয়ে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের এসিপি সাজিদ ইকবাল ও প্রধাননগর থানার আইসি বিডি সরকারের নেতৃত্বে শিলিগুড়ি জংশন বাস টার্মিনাস এলাকায় অভিযান চালানো হয়।
সেখানে সন্দেহজনকভাবে অপেক্ষা করছিল ওই তিনজন।
তাদের সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি চালাতেই উদ্ধার হয় বিপুল পরিমাণ ব্রাউন সুগার।
উদ্ধার হওয়া মাদকের পরিমাণ প্রায় ৭৯০ গ্রাম। এর আনুমানিক বাজারমূল্য কয়েক লক্ষ টাকা বলে জানা গিয়েছে।
এরপরই তিনজনকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, মালদার গাজল এলাকা থেকে ব্রাউন সুগার নিয়ে শিলিগুড়ি জংশনে এসেছিল ধৃতরা।
সেখানে মাদক হাতবদলের পরিকল্পনা ছিল বলে প্রাথমিকভাবে পুলিশের অনুমান। তবে তার আগেই অভিযান চালিয়ে মাদক বাজেয়াপ্ত করে পুলিশ।
এই মাদক পাচারচক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, কোথায় মাদক সরবরাহের পরিকল্পনা ছিল ও এর পিছনে মূল চক্র কারা তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে প্রধাননগর থানার পুলিশ।
ধৃতদের আগামীকাল শিলিগুড়ি আদালতে পেশ করা হবে।















































