আসানসোল: আসানসোল পৌরনিগমের নাকড়াসোতা এলাকায় পানীয় জল প্রকল্পের ওভারহেড রিজার্ভারের শিলান্যাস করা হল।
শনিবার আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের শিলান্যাস করেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নাবলম, আসানসোল পৌরনিগমের কমিশনার দিলীপ মিশ্র-সহ প্রশাসন ও পুরনিগমের আধিকারিকরা।
জানা গেছে, নাকড়াসোতা থেকে আসানসোল পৌরনিগমের বিভিন্ন এলাকায় মোট আটটি ওভারহেড রিজার্ভারের শিলান্যাস করা হয়েছে। পানীয় জল সরবরাহ ব্যবস্থাকে আরও উন্নত ও সম্প্রসারিত করতেই এই প্রকল্প নেওয়া হয়েছে।
পুরনিগম সূত্রে জানা যায়, প্রকল্পটি বাস্তবায়নে মোট প্রায় ২২ কোটি টাকা ব্যয় হবে।
প্রকল্পটি সম্পূর্ণ হলে আসানসোল পৌরনিগমের বিভিন্ন এলাকার প্রায় সাড়ে তিন লক্ষ মানুষ উপকৃত হবেন বলে জানা গেছে।
এর ফলে সংশ্লিষ্ট এলাকাগুলিতে পানীয় জল সরবরাহের পরিকাঠামো আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।















































