মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ গেল সিভিক ভলান্টিয়ার ও অ্যাম্বুলেন্স চালকের! মানিকচকে বাইক ও ব্যাটারিচালিত গাড়ির মুখোমুখি সংঘর্ষে শোকের ছায়া!

মালদা: মোটরবাইক ও ব্যাটারিচালিত তিন চাকার গাড়ির মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন দু’জন। মৃতদের মধ্যে একজন মানিকচক থানার সিভিক ভলান্টিয়ার ও অপরজন পেশায় অ্যাম্বুলেন্স চালক।

এই মর্মান্তিক দুর্ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় মালদার মানিকচকের নাজিরপুর পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায়। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে আসে দুই পরিবারে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত সিভিক ভলান্টিয়ারের নাম সুকান্ত মণ্ডল। তিনি খয়েরতোলা এলাকার বাসিন্দা ও মানিকচক থানায় কর্মরত ছিলেন। অপর মৃত ব্যক্তির নাম সন্তোষ ঘোষ। তিনি রতুয়া থানার বৈকুণ্ঠপুর এলাকার বাসিন্দা ও পেশায় অ্যাম্বুলেন্স চালক।

পরিবার সূত্রে জানা গিয়েছে, ডিউটি শেষ করে বাড়ি ফেরার পর মোটরবাইক নিয়ে মথুরাপুরের দিকে যাচ্ছিলেন সুকান্ত।

অন্যদিকে, ঝাড়খণ্ডে আত্মীয়ের বাড়িতে উৎসব পালন করে বাড়ি ফিরছিলেন সন্তোষ।

তিনি মানিকচক থেকে একটি ব্যাটারিচালিত তিন চাকার গাড়িতে যাত্রী হিসেবে উঠেছিলেন। চালকের পাশের আসনে বসেছিলেন তিনি।

সেই সময় নাজিরপুর পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় মোটরবাইক ও ব্যাটারিচালিত তিন চাকার গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের অভিঘাতে গুরুতর জখম হন সুকান্ত ও সন্তোষ। স্থানীয়দের তৎপরতায় তাঁদের উদ্ধার করে মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন।

অন্যদিকে, ওই ব্যাটারিচালিত গাড়ির চালক-সহ কয়েকজন যাত্রী আহত হলেও তাঁরা ঘটনাস্থল ছেড়ে চলে যান বলে জানা গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মানিকচক থানার পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত দুটি গাড়ি আটক করার পাশাপাশি মৃতদেহ দুটি নিজেদের হেফাজতে নেয় পুলিশ।

পুলিশ সূত্রে খবর, দেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ।

একদিকে কর্মরত সিভিক ভলান্টিয়ার, অন্যদিকে পরিবারের উপার্জনকারী অ্যাম্বুলেন্স চালক – দু’জনের আকস্মিক মৃত্যুতে কার্যত ভেঙে পড়েছে দুই পরিবার। স্বজন হারানোর কান্নায় ভারী হয়ে উঠেছে গোটা এলাকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here