হাওড়া স্টেশনে স্বচ্ছতা ও নিরাপত্তা নিয়ে পূর্ব রেলের বিশেষ উদ্যোগ, উপস্থিত উষা উত্থুপ!

হাওড়া: যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি স্টেশন চত্বর পরিচ্ছন্ন রাখতে বিশেষ উদ্যোগ নিল পূর্ব রেল। এই লক্ষ্যকে সামনে রেখে হাওড়া স্টেশনে আয়োজন করা হয় ‘স্বচ্ছতা সে সুরক্ষা’ কর্মসূচির। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার গীতিকা পাণ্ডে, হাওড়া ডিভিশনের ডিআরএম বিশাল কাপুর ও বিশিষ্ট সংগীতশিল্পী উষা উত্থুপ।

অনুষ্ঠানে ডিআরএম বিশাল কাপুর জানান, যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে এর আগেও স্টেশনের পরিচ্ছন্নতা ও নিরাপত্তা নিয়ে একাধিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তবে এবার দুটি বিষয়কে একই কর্মসূচির আওতায় আনা হয়েছে। তাঁর মতে, স্টেশন পরিচ্ছন্ন থাকলে দৃশ্যমানতা বাড়ে। ফলে মানব পাচার থেকে শুরু করে বিভিন্ন ছোটখাটো অপরাধের ঘটনাও আরপিএফের নজরে সহজে আসে। স্টেশন যত বেশি পরিচ্ছন্ন থাকবে, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করাও ততটাই সহজ হবে। পরিচ্ছন্নতা ও নিরাপত্তা একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত বলেই এই বিশেষ কর্মসূচির আয়োজন।

যাত্রীদের মধ্যে সচেতনতা বাড়াতে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয় বিশিষ্ট সংগীতশিল্পী উষা উত্থুপকে। তিনি যাত্রীদের স্টেশন পরিষ্কার রাখা এবং রেলের নিরাপত্তা সংক্রান্ত নিয়ম মেনে চলার আবেদন জানান। পাশাপাশি পূর্ব রেলকে কেন্দ্র করে তাঁর গাওয়া গানটিকেও আগামী দিনে প্রচারের কাজে ব্যবহার করা হবে বলে জানান ডিআরএম।

অন্যদিকে, উষা উত্থুপ নিজের বক্তব্যে রেলের সঙ্গে তাঁর দীর্ঘ যাত্রার অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তিনি জানান, রেলের বিভিন্ন ধরনের কোচে ভ্রমণের অভিজ্ঞতা রয়েছে তাঁর। তবে বর্তমানে নিরাপত্তাজনিত কারণে আগের মতো আর ট্রেনে যাতায়াত করা হয় না। ট্রেনে যাত্রীদের বিপুল ভিড়ের কথাও উল্লেখ করেন তিনি। একই সঙ্গে তাঁর বক্তব্য, আগের তুলনায় রেলের নিরাপত্তা ব্যবস্থার উন্নতি হয়েছে।

স্বচ্ছতা ও নিরাপত্তাকে একসঙ্গে গুরুত্ব দিয়ে পূর্ব রেলের এই উদ্যোগ যাত্রীদের মধ্যে কতটা সচেতনতা তৈরি করতে পারে, এখন সেটাই দেখার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here