চার দিন নিখোঁজ থাকার পর নয়নজুলি থেকে যুবকের পচাগলা দেহ উদ্ধার, রহস্য ঘিরে চাঞ্চল্য!

দক্ষিণ দিনাজপুর: চার দিন ধরে নিখোঁজ থাকার পর শুক্রবার সকালে নয়নজুলি থেকে উদ্ধার হল এক যুবকের পচাগলা দেহ। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে বালুরঘাটের চকভৃগু গ্রাম পঞ্চায়েতের মায়ামারি এলাকায়। মৃত যুবকের নাম শিবলু সরকার।

তাঁর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে তৈরি হয়েছে রহস্য। এটি খুন নাকি আত্মহত্যা, তা নিয়ে ধোঁয়াশায় রয়েছেন পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত সোমবার বাড়িতে খাওয়াদাওয়া সেরে বেরিয়ে যান শিবলু। এরপর থেকে তাঁর আর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। অবশেষে শুক্রবার সকালে মায়ামারি এলাকার একটি নয়নজুলিতে তাঁর দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। দেহ থেকে দুর্গন্ধ বের হওয়ায় অনুমান করা হচ্ছে, বেশ কয়েক দিন ধরেই সেটি সেখানে পড়েছিল।

জানা গিয়েছে, শিবলু সরকার পেশায় রাজমিস্ত্রি ছিলেন। স্বাভাবিক জীবনযাপন করছিলেন তিনি। তাঁর এমন অস্বাভাবিক মৃত্যুর খবর সামনে আসতেই শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও প্রতিবেশীদের মধ্যে। কীভাবে তাঁর মৃত্যু হল, তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। কেউ তাঁকে খুন করে দেহ ফেলে রেখে গিয়েছে, নাকি অন্য কোনও কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা সম্ভব হবে।

ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যুবকের মৃত্যুর পিছনে কোনও রহস্য রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনার নিরপেক্ষ তদন্তের পাশাপাশি মৃত্যুর প্রকৃত কারণ প্রকাশ্যে আনার দাবি জানিয়েছেন পরিবারের সদস্য ও এলাকাবাসীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here