শিলিগুড়ি জেলা হাসপাতালে সংঘর্ষ, পুলিশের লাঠি কেড়ে হামলার অভিযোগ! গ্রেফতার ১!

শিলিগুড়ি: রোগীর পরিবারের সদস্যদের সঙ্গে হাসপাতালের নিরাপত্তারক্ষীদের বচসাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল শিলিগুড়ি জেলা হাসপাতাল চত্বর। পরিস্থিতি সামাল দিতে গিয়ে আক্রান্ত হতে হল কর্তব্যরত পুলিশকর্মীদেরও।

পুলিশের লাঠি কেড়ে নিয়ে তাঁদের উপর হামলা চালানোর অভিযোগ উঠেছে কয়েকজনের বিরুদ্ধে।

এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় হাসপাতাল চত্বরে। ইতিমধ্যেই বিজয় ঘোষ নামে এক যুবককে গ্রেফতার করেছে শিলিগুড়ি থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাতে শিলিগুড়ি জেলা হাসপাতালে এক রোগীর পরিবারের সদস্যদের সঙ্গে নিরাপত্তারক্ষীদের বচসার সূত্রপাত হয়। প্রথমে কথা কাটাকাটি হলেও কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এরপর দু’পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয় বলে অভিযোগ। ক্রমে সেই বিবাদ ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বরে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছান কর্তব্যরত পুলিশকর্মীরা।

অভিযোগ, তাঁদের সামনেও উত্তেজিত কয়েকজন চড়াও হয়। দু-তিনজন পুলিশকর্মীকে মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে।

এমনকি এক পুলিশকর্মীর কাছ থেকে লাঠি কেড়ে নিয়ে অন্য পুলিশকর্মীদের উপর হামলা চালানো হয় বলেও অভিযোগ।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় শিলিগুড়ি থানার পুলিশ। তবে পুলিশ পৌঁছানোর আগেই অভিযুক্তদের কয়েকজন পালিয়ে যায় বলে জানা গিয়েছে। এরপর হাসপাতালের সিসিটিভি ফুটেজ ও ঘটনার ভিডিও খতিয়ে দেখে অভিযুক্তদের শনাক্ত করার কাজ শুরু করে পুলিশ।

তদন্তে নেমে রাতেই বিজয় ঘোষ নামে এক যুবককে গ্রেফতার করা হয়।

ধৃতের বাড়ি শিলিগুড়ির শান্তিনগর বউবাজার এলাকায়। এদিন তাঁকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়। পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় আরও কয়েকজনের জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাদের শনাক্ত করে গ্রেফতারের জন্য তল্লাশি চালানো হচ্ছে।

অন্যদিকে, হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ চিকিৎসা পরিষেবা কেন্দ্রে কীভাবে এমন পরিস্থিতির সৃষ্টি হল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ঠিক কী কারণে রোগীর পরিবারের সদস্যদের সঙ্গে নিরাপত্তারক্ষীদের বচসা শুরু হয়েছিল, তা এখনও স্পষ্ট নয়।

ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চালাচ্ছে শিলিগুড়ি থানার পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালের চিকিৎসা পরিষেবা নিতে আসা রোগী ও তাঁদের পরিবারের সদস্যদের নিরাপত্তার পাশাপাশি হাসপাতালের কর্মী ও কর্তব্যরত পুলিশকর্মীদের সুরক্ষা নিয়েও নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here