শিলিগুড়ি: শহরের যানজট সমস্যা কমাতে এবার পথে নামল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের পানিট্যাংকি ট্রাফিক গার্ড। সোমবার কোর্ট মোড় সংলগ্ন বাগড়াকোট এলাকায় অভিযান চালিয়ে রাস্তা দখল করে গড়ে ওঠা একাধিক অবৈধ দোকান সরিয়ে দেওয়া হয়। রাস্তার উপর দোকান বসিয়ে ব্যবসা করার ফলে সাধারণ মানুষের যাতায়াতে প্রতিনিয়ত সমস্যা তৈরি হচ্ছিল। সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই এই অভিযান বলে জানা গিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কোর্ট মোড় সংলগ্ন এই এলাকায় প্রতিদিনই তীব্র যানজটের সৃষ্টি হয়। একদিকে রুটের বাস ও ছোট গাড়ির যাত্রী ওঠানামা, অন্যদিকে পাশেই সবজি বাজারকে কেন্দ্র সবজির গাড়ি আসা-যাওয়া সহ মানুষের ভিড় সব মিলিয়ে ব্যস্ত এই রাস্তায় যান চলাচল কার্যত ব্যাহত হয়।
এর উপর রাস্তার একাংশ দখল করে অবৈধ দোকান বসায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। ফলে নিত্যযাত্রী থেকে শুরু করে সাধারণ পথচারী, সকলকেই ভোগান্তির মুখে পড়তে হয়।
এই পরিস্থিতিতে যান চলাচল স্বাভাবিক রাখা ও রাস্তা দখলমুক্ত করার লক্ষ্যে এদিন অভিযানে নামে পানিট্যাংকি ট্রাফিক গার্ডের পুলিশকর্মীরা। রাস্তার উপর থাকা দোকানগুলি সরিয়ে দিয়ে যানজট নিয়ন্ত্রণে উদ্যোগ নেওয়া হয়।
তবে পুলিশের এই অভিযানের পর স্থানীয় কিছু মানুষ ও ব্যবসায়ীরা জানান, তাঁরা অনেকটা বাধ্য হয়েই এই পরিস্থিতির মধ্যে ব্যবসা চালাচ্ছেন। তাঁদের দাবি, রাস্তা দখলমুক্ত করার ক্ষেত্রে প্রশাসন যেন কোনও নির্দিষ্ট অংশের বিরুদ্ধে পদক্ষেপ না করে, বরং সকলের ক্ষেত্রেই একই নিয়ম কার্যকর করা হয়।
পাশাপাশি সমস্যার স্থায়ী সমাধানের জন্য প্রশাসনের কাছে আবেদনও জানিয়েছেন তাঁরা।














































