নেপালে ভূমিকম্পের উৎসস্থল, আতঙ্কে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন বাসিন্দারা
শিলিগুড়ি: সাত সকালেই ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গ।
মঙ্গলবার সকাল ৭টা নাগাদ দু’দফায় কম্পন অনুভূত হয় শিলিগুড়ি-সহ উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায়। আচমকা ভূমিকম্পের ঝাঁকুনিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে।
অনেকেই ঘুম থেকে উঠে আতঙ্কে বাড়ির বাইরে বেরিয়ে আসেন। বিশেষ করে বহুতল আবাসনের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বেশি লক্ষ্য করা যায়।
প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উৎসস্থল ছিল প্রতিবেশী দেশ নেপাল।
রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.৪ বলে জানা গিয়েছে।
ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে শিলিগুড়ির দূরত্ব ছিল প্রায় ১৪৩ কিলোমিটার।
দার্জিলিং থেকে প্রায় ৯৪ কিলোমিটার উত্তর- উত্তর-পশ্চিমে ও গ্যাংটক থেকে প্রায় ৬৮ কিলোমিটার উত্তর-পশ্চিমে ছিল কম্পনের উৎসস্থল।
সকালবেলার এই কম্পনে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়।
তবে এখনও পর্যন্ত কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির নির্দিষ্ট খবর পাওয়া যায়নি।














































