৪০০ গ্রাম সন্দেহভাজন ব্রাউন সুগার ও ১ লক্ষ ১০ হাজার টাকা উদ্ধার, ভোরের আলো থানার অভিযানে গ্রেপ্তার দুই!

শিলিগুড়ি: মাদক পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল ভোরের আলো থানার পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ৪০০ গ্রাম সন্দেহভাজন ব্রাউন সুগার, নগদ ১ লক্ষ ১০ হাজার ২০০ টাকা সহ দুটি মোবাইল ফোন উদ্ধার করল পুলিশ। এই ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্দিষ্ট সূত্রে মাদক পাচারের খবর পাওয়ার পর ভোরের আলো থানার একটি বিশেষ পুলিশ দল ক্যানাল রোডের শিবনাথপাড়া মোড়ে অভিযান চালায়। সেখানে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় তাঁদের কাছ থেকে প্রায় ৪০০ গ্রাম সন্দেহভাজন ব্রাউন সুগার, দুটি মোবাইল ফোন সহ নগদ ১ লক্ষ ১০ হাজার ২০০ টাকা উদ্ধার হয়।

ধৃতদের নাম সদ্দাম আলি (৩০) ও আখতার খান (৪৫)। সদ্দাম আলির বাড়ি মুর্শিদাবাদের লালগোলার ঝটখামার এলাকায়। অন্যদিকে, আখতার খান দার্জিলিংয়ের ডঃ জাকির হুসেন বস্তির বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

উদ্ধার হওয়া সামগ্রী বাজেয়াপ্ত করার পাশাপাশি ধৃত দু’জনের বিরুদ্ধে এনডিপিএস আইনের নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে ভোরের আলো থানার পুলিশ। আইন মেনে তল্লাশি, বাজেয়াপ্তকরণ ও গ্রেপ্তারের যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে বলেও জানা গিয়েছে।

এই মাদক কারবারের পিছনে আরও কেউ জড়িত রয়েছে কি না, উদ্ধার হওয়া বিপুল নগদ অর্থের উৎস কী ও কোথা থেকে ওই মাদক আনা হয়েছিল, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। ধৃতদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে মাদক পাচারের চক্রের অন্যান্য যোগসূত্র খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here