শিলিগুড়ি: শিলিগুড়ি পুরনিগমে দুর্নীতি ও বেআইনি নির্মাণ নিয়ে ফের সরব হলেন রাজ্যের পর্যটনমন্ত্রী তথা শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ।
বুধবার এক সাংবাদিক সম্মেলনে তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে আইন না মেনে শহরে একের পর এক বহুতল নির্মাণ হয়েছে।
কোথাও এক ধরনের অনুমতি নিয়ে সম্পূর্ণ ভিন্নভাবে বিল্ডিং তৈরি করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
মন্ত্রী বলেন, শহরের বিভিন্ন এলাকায় অসংখ্য অবৈধ হোর্ডিং রয়েছে। সেই হোর্ডিং থেকে প্রাপ্ত অর্থ কারা আত্মসাৎ করেছে ও কার পকেটে সেই টাকা গিয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত করা হবে।
দুর্নীতির সঙ্গে যাঁরা যুক্ত থাকবেন, তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও স্পষ্ট বার্তা দেন শঙ্কর ঘোষ।
এদিন তিনি শিলিগুড়ি- কলকাতাগামী ভলভো বাসে পাথর ছোড়ার ঘটনাও তুলে ধরেন।
তাঁর দাবি, অভিযোগ পাওয়ার পর বিষয়টি উত্তরবঙ্গের আইজির নজরে আনা হয়।
এরপর কালিয়াগঞ্জ থানার পুলিশ অভিযান চালিয়ে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করেছে।
সাংবাদিক বৈঠক থেকে শঙ্কর ঘোষের স্পষ্ট বার্তা, অতীতে যা হয়েছে তা হয়েছে, কিন্তু এখন থেকে শহরে কোনও ধরনের অবৈধ নির্মাণ, বেআইনি হোর্ডিং বা দুর্নীতিমূলক কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না।
আইন ভাঙলে কঠোর প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন।















































