ইসলামপুর: রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর অবশেষে সাত বছর ধরে জবরদখল হয়ে থাকা নিজের বাড়ির দখল ফিরে পেলেন ইসলামপুরের এক বিজেপি নেতা।
ঘটনাটি উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের আমবাগান এলাকার।
জানা গিয়েছে, বিজেপি নেতা নেপাল দত্তের অভিযোগ, দীর্ঘ সাত বছর আগে তৃণমূল নেতা সঞ্জয় দত্ত জোরপূর্বক সাকিল আহমেদ নামে এক ব্যক্তিকে তাঁর বাড়িতে বসবাস করান।
সেই সময় রাজ্যে তৃণমূল সরকার ক্ষমতায় থাকায় পুলিশ প্রশাসনের কাছ থেকেও কোনও সহযোগিতা পাননি বলে দাবি তাঁর।
রবিবার দলীয় সমর্থক ও স্থানীয় বাসিন্দাদের নিয়ে নিজের বাড়িতে পৌঁছন নেপাল দত্ত।
পরে স্থানীয়দের চাপে বাড়ি ছাড়তে বাধ্য হন সাকিল আহমেদ।
এরপর নিজের বাড়ির দখল ফিরে পান বিজেপি নেতা।
অন্যদিকে, সাকিল আহমেদের দাবি, নেপাল দত্তের কাছে তাঁর টাকা পাওনা ছিল।
সেই কারণেই তিনি ওই বাড়িতে বসবাস করছিলেন। একই অভিযোগ করেছেন তৃণমূল নেতা সঞ্জয় দত্তও।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।
যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।














































