জলপাইগুড়ি: নির্বাচনের ফলাফল যাই হোক, মনোনয়ন জমা দেওয়ার দিনেই শক্তি প্রদর্শনে টক্কর দিল বামফ্রন্ট।
বৃহস্পতিবার জলপাইগুড়ি জেলার সাতটি বিধানসভা কেন্দ্রে বাম প্রার্থীরা মনোনয়ন জমা দেন। মালবাজার মহকুমা শাসকের দপ্তরে মনোনয়ন জমা দেন মনু ওরাও ও দিলকুমার ওরাও। ধুপগুড়িতে মনোনয়ন জমা দেন নিরঞ্জন রায়।
এছাড়াও জেলাশাসক ও মহকুমা শাসকের দপ্তরে মনোনয়ন জমা করেন ময়নাগুড়ির সুদেব রায়, ডাবগ্রাম-ফুলবাড়ির দিলীপ সিং, রাজগঞ্জের খরেন্দ্রনাথ রায় এবং জলপাইগুড়ি সদর কেন্দ্রের প্রার্থী দেবরাজ বর্মন।
মনোনয়ন জমা দেওয়ার আগে ঢাকঢোল বাজিয়ে, শয়ে শয়ে লাল পতাকা হাতে বর্ণাঢ্য শোভাযাত্রা করে কর্মী-সমর্থকদের সঙ্গে এগিয়ে আসেন প্রার্থীরা। শোভাযাত্রায় লাল পতাকার পাশাপাশি দেখা যায় আইএসএফ-এর পতাকাও।
বাম নেতৃত্বের দাবি, ধর্মনিরপেক্ষ শক্তিকে একজোট করেই তারা এই লড়াইয়ে নেমেছেন। তাঁদের বিশ্বাস, নির্বাচনের ফলাফল শেষ পর্যন্ত লাল ঝাণ্ডার দিকেই যাবে।
ভোটের আগে এই শক্তি প্রদর্শন ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন চর্চা।













































