রাস্তা-নিকাশির বেহাল দশা

রাস্তা-নিকাশির বেহাল দশা
ফুলবাড়ীর পাঁচকলগুড়িতে ভোট বয়কটের হুঁশিয়ারি বাসিন্দাদের!

ফুলবাড়ী (১): ভোটের মুখে তীব্র ক্ষোভে ফুঁসছে পাঁচ কলগুড়ি এলাকা। দীর্ঘদিন ধরে রাস্তা, নিকাশি ব্যবস্থা এবং পথবাতির সমস্যায় জর্জরিত বাসিন্দারা এবার সরাসরি ভোট বয়কটের হুঁশিয়ারি দিলেন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ফুলবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এই এলাকায় বহু বছর ধরেই ভাঙাচোরা রাস্তা ও নালার সমস্যায় ভুগছেন মানুষ। অভিযোগ, রাস্তার কাজ শুরু হলেও মাঝপথেই তা বন্ধ করে দেয় ঠিকাদার। ফলে রাস্তার মাঝখানে তৈরি হয়েছে বড় বড় গর্ত, যা প্রতিদিনের যাতায়াতে চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

বারবার পঞ্চায়েতকে জানানো সত্ত্বেও সমস্যার সমাধান না হওয়ায় ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। বৃহস্পতিবার রাস্তায় নেমে বিক্ষোভ দেখান তারা এবং স্পষ্ট জানিয়ে দেন- ভোটের আগে রাস্তা মেরামত না হলে তারা ভোট বয়কটের পথে হাঁটবেন।

এ বিষয়ে পঞ্চায়েত প্রধান সোমা রায় পাল জানান, ঠিকাদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছে এবং বিষয়টি ইঞ্জিনিয়ারদেরও জানানো হয়েছে। খুব দ্রুত কাজ সম্পূর্ণ করার আশ্বাস দিয়েছেন তিনি।

ভোটের আগে এই বিক্ষোভ ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এখন দেখার, প্রশাসনের আশ্বাসে ভরসা রাখবেন বাসিন্দারা, নাকি সত্যিই ভোট বয়কটের পথে হাঁটবেন তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here