মাটিগাড়া, শিলিগুড়ি: ভোটের দিন যত এগিয়ে আসছে, ততই চড়ছে নির্বাচনী পারদ।
রবিবার ছুটির দিনে মাটিগাড়া ব্লকের কলাইবক্রতি, শিশুডাঙ্গি ও টুম্পা জোত এলাকায় জোরদার প্রচার চালালেন মাটিগাড়া-বনকশালবাড়ি কেন্দ্রের বিজেপি প্রার্থী আনন্দময় বর্মন।
এদিন তিনটি পৃথক স্থানে জনসভা ও পথসভা করে সাধারণ মানুষের কাছে পৌঁছন তিনি।
প্রচার কর্মসূচির অন্যতম আকর্ষণ ছিল বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে একঝাঁক যুবকের বিজেপিতে যোগদান।
প্রার্থী নিজে তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানান।
বিজেপির দাবি, এই যোগদানের ফলে এলাকায় তাদের সাংগঠনিক শক্তি আরও বৃদ্ধি পাবে।
সকাল থেকেই প্রার্থীর আগমন ঘিরে কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।
আনন্দময় বর্মন বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলেন, আশীর্বাদ প্রার্থনা করেন ও দীর্ঘদিনের সমস্যার সমাধানের আশ্বাস দেন।
যদিও বিজেপির এই প্রচারে জনসমাগম চোখে পড়ার মতো, তবুও রাজনৈতিক লড়াই যে কঠিন হতে চলেছে তা স্পষ্ট।
তৃণমূল কংগ্রেস ও বাম, কংগ্রেস সমান তালে প্রচার চালাচ্ছে।
এখন নজর আগামী ৪ মে ভোটের ফলাফল কোন দিকে যায়, সেটাই দেখার অপেক্ষা।












































