রামনবমীর শোভাযাত্রায় ব*চ*সা থেকে খু*ন, ৮ দিনের লড়াই শেষে মৃ*ত্যু সুরোজ সাহানির, গ্রে*ফতার অ*ভিযুক্ত

শিলিগুড়ি: রামনবমীর উৎসবের আনন্দ মুহূর্তে রক্তাক্ত সংঘর্ষে পরিণত হয়ে শেষমেশ মর্মান্তিক পরিণতি ডেকে আনল।

শিলিগুড়ির টিকিয়াপাড়া এলাকায় দুই বন্ধুর সামান্য বচসা প্রাণঘাতী ঘটনায় রূপ নেয়।

গুরুতর জখম হওয়ার পর টানা আটদিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষমেশ প্রাণ হারালেন সুরোজ সাহানি।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৭ মার্চ রামনবমীর শোভাযাত্রার সময় সুরোজ সাহানি ও রাজেশ সাহানির মধ্যে হঠাৎই বচসা শুরু হয়।

পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, সেই সময় ধারালো অস্ত্র দিয়ে সুরোজের পেটে আঘাত করে রাজেশ।

রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি।

স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি করে তাঁকে উদ্ধার করে প্রথমে শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করেন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে একটি বেসরকারি নার্সিংহোমে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আটদিন পর তাঁর মৃত্যু হয়।

এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। শনিবার ময়নাতদন্তের পর মৃতদেহ নিয়ে রাস্তায় অবরোধ গড়ে তোলেন স্থানীয়রা।

অভিযুক্তের দ্রুত গ্রেফতারের দাবিতে শুরু হয় বিক্ষোভ।

পরিস্থিতি সামাল দিতে এলাকায় মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী।

পুলিশের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হলে তদন্তে নামে পুলিশ। অবশেষে রবিবার ভোরে আলিপুরদুয়ারের বীরপাড়ায় তার বোনের বাড়ি থেকে অভিযুক্ত রাজেশ সাহানিকে গ্রেফতার করে শিলিগুড়ি থানার পুলিশ।

বর্তমানে গোটা ঘটনার তদন্ত চলছে। তবে এলাকায় এখনও চাপা উত্তেজনা বজায় রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here