খাঁ*চাবন্দি পূ*র্ণবয়স্ক চিতাবাঘ, স্বস্তির নিঃশ্বাস এলাকাবাসীর

ফাঁসিদেওয়া, শিলিগুড়ি: অবশেষে ফাঁসিদেওয়ার ফৌজী জোত এলাকায় ধরা পড়ল একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ।

দীর্ঘদিনের আতঙ্কের অবসান ঘটায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন এলাকার কয়েকশো বাসিন্দা।

জানা গিয়েছে, গত কয়েক সপ্তাহ ধরে চিতাবাঘের আতঙ্কে দিন কাটাচ্ছিলেন ফৌজী জোতের বাসিন্দারা। প্রায়ই গবাদিপশু উধাও হয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

পরিস্থিতি সামাল দিতে বনদফতরের কাছে খাঁচা বসানোর দাবি জানান স্থানীয়রা।

এরই মধ্যে সম্প্রতি একটি আনারস বাগান থেকে চিতাবাঘের শাবক উদ্ধার হওয়ার ঘটনায় আতঙ্ক আরও বাড়ে।

এরপর দু’দিন আগে এক ব্যক্তির ব্যক্তিগত চা বাগানে খাঁচা পাতে ঘোষপুকুর বনদফতর।

রবিবার অবশেষে টোপে পা দিয়ে খাঁচাবন্দি হয় চিতাবাঘটি।

সকালে স্থানীয় বাসিন্দারা বিষয়টি লক্ষ্য করে বনদফতরকে খবর দিলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘোষপুকুর বনদফতরের কর্মীরা চিতাবাঘটিকে উদ্ধার করে নিয়ে যায়।

বনদফতর সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া চিতাবাঘটির স্বাস্থ্য পরীক্ষা করা হবে ও পরে তাকে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।

চিতাবাঘ ধরা পড়ায় এলাকায় স্বস্তির পরিবেশ তৈরি হলেও স্থানীয়দের দাবি, এলাকায় আরও চিতাবাঘের উপস্থিতি রয়েছে। ফলে সম্পূর্ণভাবে আতঙ্ক কাটেনি বলেই জানিয়েছেন বাসিন্দারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here