শিলিগুড়ি: বিধানসভা নির্বাচনের প্রচারের আবহে উত্তপ্ত হয়ে উঠল শিলিগুড়ি মহকুমার নকশালবাড়ি এলাকা।
নির্বাচনী প্রচারের ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস ও বিজেপি কর্মীদের মধ্যে বচসা থেকে রীতিমতো সংঘর্ষের ঘটনা ঘটল।
অভিযোগ, তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা ছেঁড়া নিয়ে প্রথমে দুই পক্ষের মধ্যে তর্কাতর্কি শুরু হয়।
পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠলে তা হাতাহাতির রূপ নেয়।
এই সময় বিজেপির একদল কর্মীর ভিড় থেকে এক তৃণমূল কর্মীর উপর ছুরি দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ।
গুরুতর আহত অবস্থায় ওই তৃণমূল কর্মীকে দ্রুত নকশালবাড়ি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়, যেখানে তাঁর চিকিৎসা চলছে।
ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছন তৃণমূল কংগ্রেসের অন্যান্য কর্মী- সমর্থকরা।
দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকায় বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা।
এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে।
তবে এই ঘটনায় এখনো বিজেপির কোনো প্রতিক্রিয়া মেলেনি।












































