শিলিগুড়ি: পুলিশের কাজে বাধা, ধাক্কাধাক্কি ও ফাঁড়ির গেট আটকে রাখার অভিযোগে বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করল পুলিশ।
অভিযোগে নাম রয়েছে আরও কয়েক জন বিজেপি কর্মী-সমর্থকের।
শিলিগুড়ি থানার অন্তর্গত পানিট্যাংকি ফাঁড়ির ওসি নির্মল কুমার দাস এই ঘটনায় স্বতঃপ্রণোদিত হয়ে অভিযোগ দায়ের করেছেন।
জানা গিয়েছে, শিলিগুড়ি পুরনিগমের ১৩ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী গৌতম দেবের পোস্টার বিকৃত করার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে।
সেই ঘটনার তদন্তে গত ৬ এপ্রিল ঘটনাস্থলে যায় পুলিশ।
অভিযোগ, তদন্ত করতে গিয়ে বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ সহ দলীয় কর্মীদের বাধার মুখে পড়তে হয় পুলিশকে।
শুধু তাই নয়, তদন্তকারীদের আটকে রাখা, এমনকি পুলিশের গায়ে ধাক্কা দেওয়ার অভিযোগও উঠেছে।
আরও অভিযোগ, পরবর্তীতে পানিট্যাংকি ফাঁড়িতে গিয়ে মূল গেট বন্ধ করে দেওয়ারও চেষ্টা করা হয়।
ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।













































