কোচবিহার: কোচবিহারের খাগড়াবাড়ি চৌপথি এলাকায় বৃহস্পতিবার মেগাস্টার মিঠুন চক্রবর্তী-র রোড শো ঘিরে রাজনৈতিক উত্তাপ ছড়াল।
তাঁর রোড শো শেষ হতেই ওই এলাকায় ফিনাইল ছিটিয়ে বিক্ষোভ দেখায় তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা।
জানা গিয়েছে, এদিন খাগড়াবাড়ি চৌপথি থেকে রাজারহাট পর্যন্ত বিশাল রোড শো করেন মিঠুন চক্রবর্তী।
তাঁকে দেখতে সাধারণ মানুষ ও বিজেপি কর্মীদের ভিড় ছিল চোখে পড়ার মতো।
রোড শো শেষ হওয়ার পরই খাগড়াবাড়ি চৌপথিতে জমায়েত হয়ে তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা ফিনাইল ছিটিয়ে প্রতিবাদ জানান।
বিক্ষোভকারীদের দাবি, মিঠুন চক্রবর্তী বিভিন্ন সভায় নিজেকে ‘সাপ’ বলে উল্লেখ করেন ও “এক ছোবলেই ছবি” মন্তব্য করেন।
তাঁদের বক্তব্য, উত্তর বিধানসভা কেন্দ্রের সাধারণ মানুষ এই ধরনের মন্তব্য সমর্থন করেন না।
সেই প্রতিবাদ জানাতেই প্রতীকীভাবে ফিনাইল ছিটিয়ে বিক্ষোভ দেখানো হয়েছে।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।
বিজেপির পক্ষ থেকে যদিও এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।













































