রাজগঞ্জ: নির্বাচনী প্রচারের ব্যস্ততার মধ্যেও সৌজন্য ও রাজনৈতিক সহমর্মিতার এক বিরল ছবি দেখা গেল রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রে।
তৃণমূল কংগ্রেস প্রার্থী স্বপ্না বর্মন এদিন প্রচারে বেরিয়ে বিজেপির এক পঞ্চায়েত সদস্যার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে আলিঙ্গনের মাধ্যমে শুভেচ্ছা বিনিময় করেন।
প্রতিদিনের মতো বৃহস্পতিবারও রাজগঞ্জ বিধানসভার বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় নির্বাচনী প্রচার চালান স্বপ্না বর্মন।
প্রচারের অংশ হিসেবে তিনি পৌঁছান বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের সেল্টারবাড়ি এলাকায়।
সেখানে দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন ও তাদের সমস্যা, অভিযোগ ও দাবিদাওয়ার কথা শোনেন।
এই সময়েই তাঁর সঙ্গে দেখা হয় বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের বিজেপি পঞ্চায়েত সদস্যা ববিতা মন্ডলের।
ভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি হওয়া সত্ত্বেও দুই নেত্রীর মধ্যে তৈরি হয় আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ।
হাসিমুখে কথোপকথনের পাশাপাশি একে অপরকে আলিঙ্গন করে শুভেচ্ছা জানান তারা।
রাজনৈতিক মহলের একাংশের মতে, নির্বাচনের উত্তপ্ত আবহে এই ধরনের সৌজন্যমূলক আচরণ গণতান্ত্রিক সংস্কৃতির ইতিবাচক দিককেই তুলে ধরে।















































