খেলাধুলায় উৎসাহ বাড়াতে সঞ্জিতা ওরাওঁর হাতে জুতো ও খেলার পোশাক তুলে দিলেন অরুণ ঘোষ
নকশালবাড়ি, শিলিগুড়ি: খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমসে স্বর্ণপদক জয়ী নকশালবাড়ির কৃতি অ্যাথলিট সঞ্জিতা ওরাওঁকে সম্মান জানাতে ও এলাকায় খেলাধুলার প্রতি আরও উৎসাহ জাগাতে বিশেষ উদ্যোগ নিলেন অরুণ ঘোষ।
এদিন তার উদ্যোগে সঞ্জিতাকে জুতো ও খেলার পোশাক সহ খেলার সামগ্রী তুলে দেওয়া হয়।
উল্লেখ্য, ছত্তিশগড়ে অনুষ্ঠিত খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমসে ১০,০০০ মিটার দৌড়ে ৩০টি রাজ্যের প্রায় ৩,০০০ প্রতিযোগীর মধ্যে সেরার সম্মান অর্জন করে নকশালবাড়ির নাম উজ্জ্বল করেছেন সঞ্জিতা।
তার এই অসামান্য সাফল্যে গর্বিত গোটা চা বাগান এলাকা।
হাতিঘিসা গ্রাম পঞ্চায়েতের মৌরিজোত চা বাগান গ্রামের বাসিন্দা সঞ্জিতা সীমিত সুযোগ- সুবিধার মধ্যেও কঠোর পরিশ্রম ও অনুশীলনের মাধ্যমে এই সাফল্য অর্জন করেছেন।
গ্রামের রাস্তা, চা বাগানের পথ আর খোলা মাঠেই গড়ে উঠেছে তার স্বপ্নপূরণের লড়াই।
অরুণ ঘোষ জানান, সঞ্জিতার মতো প্রতিভাবান ক্রীড়াবিদদের পাশে দাঁড়ানো সমাজের দায়িত্ব।
তাদের অনুপ্রাণিত করলে আরও অনেক ছেলে-মেয়ে খেলাধুলায় এগিয়ে আসবে ও ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে সাফল্য আনবে।
এই উদ্যোগ শুধু সঞ্জিতাকে সম্মান জানানো নয়, বরং নকশালবাড়ির তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আকৃষ্ট করার এক ইতিবাচক বার্তা বলেই মনে করছেন স্থানীয়রা।












































