শিলিগুড়ি: ডাবগ্রাম- ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রে নির্বাচনী আবহে তৃণমূল কংগ্রেসের প্রচারে নতুন মাত্রা যোগ করল ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্প।
শুক্রবার তৃণমূল প্রার্থী রঞ্জন শীল শর্মার সমর্থনে আয়োজিত বিশাল মহিলা মিছিলে কয়েক হাজার মহিলার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কার্যত জনসমুদ্রে পরিণত হয় এলাকা।
এদিন মিছিলটি শুরু হয় বিনয় মোড় থেকে। সময় যত গড়িয়েছে, ততই বেড়েছে মহিলাদের ভিড়।
বিনয় মোড় থেকে আশিঘর মোড় পর্যন্ত বিস্তৃত এই মিছিল ছিল দলীয় পতাকা, ব্যানার ও রাজ্য সরকারের জনকল্যাণমূলক প্রকল্পের পোস্টারে সাজানো।
তৃণমূল শিবিরের দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্প মহিলাদের আর্থিক স্বনির্ভরতার নতুন দিশা দেখিয়েছে, আর সেই আস্থার প্রতিফলনই দেখা গেল এই মিছিলে।
মিছিলে সামনের সারিতে থেকে মহিলাদের উৎসাহ জোগাতে দেখা যায় প্রার্থী রঞ্জন শীল শর্মাকে।
বিপুল সাড়া দেখে উচ্ছ্বসিত তিনি বলেন, “আজকের এই মিছিল প্রমাণ করে দিচ্ছে ডাবগ্রাম- ফুলবাড়ির মা-বোনেরা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছেন।
মহিলাদের এই আশীর্বাদই আমাকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেবে। মানুষ উন্নয়নের পক্ষেই ভোট দেবেন।”
নির্বাচনের আগে এই মহিলাদের জনজোয়ার ডাবগ্রাম- ফুলবাড়ির রাজনৈতিক সমীকরণে যে বিশেষ বার্তা দিল, তা নিয়ে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে।













































