নির্বাচনের আগে বড় সাফল্য, অসম-বাংলা সীমান্তে আগ্নেয়াস্ত্রসহ যুবক গ্রেফতার বক্সিরহাট থানার পুলিশের
বক্সিরহাট: বিধানসভা নির্বাচনের আগে সীমান্ত এলাকায় কড়া নজরদারির মধ্যেই বড়সড় সাফল্য পেল বক্সিরহাট থানার পুলিশ।
গভীর রাতে অসম-বাংলা সীমানাই বালাকুটি বউবাজার এলাকা থেকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড তাজা কার্তুজ- সহ অসমের এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম খারিদুল সেখ (২৩)। তার বাড়ি অসমের ধুবড়ি জেলায়।
গোপন সূত্রে খবর পেয়ে গভীর রাতে অভিযান চালায় পুলিশ।
ওই এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে যুবকটিকে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার হয়।
অস্ত্র কারবারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়েছে।
ইতিমধ্যেই তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করেছে পুলিশ।
রবিবার স্বাস্থ্য পরীক্ষা করানোর পর তাকে তুফানগঞ্জ দায়রা আদালতে তোলা হয় বলে জানা গিয়েছে।
পুলিশের প্রাথমিক অনুমান, নির্বাচনের আগে সীমান্ত পেরিয়ে অস্ত্র নিয়ে প্রবেশ করেছিল ওই যুবক। তবে তার উদ্দেশ্য কী ছিল, অস্ত্র কোথা থেকে এল ও এর সঙ্গে কোনও বড় চক্র জড়িত রয়েছে কি না তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।















































