বাড়ির দরজায় পৌঁছেও রক্ষা নয়! শিলিগুড়িতে মহিলার ব্যাগ ছিনিয়ে উধাও!

শিলিগুড়ি: শহরে ফের সক্রিয় ছিনতাইবাজ।

এবার বাড়ির দরজার সামনেই ছিনতাইয়ের শিকার হলেন এক মহিলা।

ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির হাকিমপাড়া এলাকার ১২ নম্বর ওয়ার্ডে।

দিনের আলোয় বাড়ির সামনে দাঁড়িয়েই স্কুটি আরোহীর হাতে ব্যাগ খোয়াতে হওয়ায় এলাকায় নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

জানা গিয়েছে, কলকাতা থেকে ট্রেনে শিলিগুড়ি এসে স্টেশন থেকে টোটোয় বাড়ি ফিরছিলেন ওই মহিলা।

বাড়ির সামনে নেমে টোটোর ভাড়া মেটানোর সময় আচমকাই পিছন দিক থেকে একটি দুই চাকার গাড়ি এসে তাঁর হাতে থাকা সাইড ব্যাগটি ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।

এতটাই দ্রুত ঘটনাটি ঘটে যে তিনি কিছু বুঝে ওঠার আগেই দুষ্কৃতী চোখের আড়াল হয়ে যায়।

মহিলার ব্যাগে মোবাইল ফোন, হেডফোন, আধার কার্ড, এটিএম কার্ড, গুরুত্বপূর্ণ নথিপত্র সহ বাড়ির চাবি ছিল।

ঘটনার পর তিনি আতঙ্কিত হয়ে পড়েন ও স্থানীয়দের সহায়তায় পুলিশে খবর দেওয়া হয়।

খবর পেয়ে পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ ও ১২ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর ঘটনাস্থলে পৌঁছান।

পুলিশ সূত্রে খবর, আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তের সন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ।

সাম্প্রতিক সময়ে শহরে একের পর এক ছিনতাইয়ের ঘটনার জেরে বাসিন্দাদের মধ্যে উদ্বেগ আরও বেড়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here