শিলিগুড়ি: উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহায়কের উপর হামলার ঘটনার পর গোটা রাজ্যের পাশাপাশি উত্তরবঙ্গেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে শিলিগুড়ি শহরের একাধিক এলাকায় কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ ঘিরে তৎপরতা চোখে পড়ে।
শহরের গুরুত্বপূর্ণ রাস্তা, বাজার এলাকা ও জনবহুল অঞ্চলে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের টহল দিতে দেখা যায়।
ভোট পরবর্তী সময়ে যাতে কোনওরকম অশান্তি বা অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সেই কারণেই প্রশাসনের এই পদক্ষেপ বলে জানা গিয়েছে।
বিশেষ করে শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন হলেও মধ্যমগ্রামের ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে উত্তেজনা তৈরি হয়েছে।
তার জেরেই উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্রের খবর।
এদিন শিলিগুড়ির হিলকার্ট রোড, সেভক রোড, পানিট্যাঙ্কি মোড় সংলগ্ন এলাকা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় রুট মার্চ করে কেন্দ্রীয় বাহিনী।
বাহিনীর উপস্থিতিতে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তার বার্তাও পৌঁছে দেওয়া হয়।











































