শিলিগুড়ি: উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট চন্দ্রনাথ রথ খুনের ঘটনায় সামনে এলো নতুন তথ্য।
তদন্তে উঠে এসেছে, হামলাকারীরা শিলিগুড়ির নম্বর প্লেট লাগানো একটি গাড়ি ব্যবহার করেছিল।
এমনটাই জানিয়েছেন রাজ্য পুলিশের ডিজি সিদ্ধ নাথ গুপ্ত।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে মধ্যমগ্রামের দোহারিয়া এলাকায় বাড়ির কাছেই চন্দ্রনাথ রথের গাড়ির উপর অতর্কিতে হামলা চালায় দুষ্কৃতীরা।
বাইকে ও গাড়িতে করে আসা হামলাকারীরা প্রথমে গাড়ির পথ আটকে দেয়।
এরপর খুব কাছ থেকে একাধিক রাউন্ড গুলি চালানো হয়।
ঘটনাস্থলেই মৃত্যু হয় চন্দ্রনাথ রথের। গুরুতর জখম হন তাঁর গাড়ির চালক।
তদন্তকারীরা ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে একটি সন্দেহজনক গাড়ির সন্ধান পান।
সেই গাড়িতে শিলিগুড়ির নম্বর প্লেট লাগানো ছিল। পরে তদন্তে জানা যায়, নম্বর প্লেটটি ভুয়ো ও সেটি ব্যবহার করা হয়েছে তদন্তকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে।
পুলিশের অনুমান, পরিকল্পিতভাবেই অন্য জেলার নম্বর ব্যবহার করা হয়েছে।
ঘটনার পর রাতেই শিলিগুড়ির মাটিগাড়া থানার অন্তর্গত ওই নম্বরের প্রকৃত মালিক উইলিয়াম জোসেফকে থানায় ডাকা হয়।
পুলিশ সূত্রে খবর, দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর প্রাথমিক তদন্তে উঠে আসে যে তাঁর গাড়ির নম্বরই ব্যবহার করা হয়েছে।এরপর তাঁকে ছেড়ে দেওয়া হয়।
এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে উইলিয়াম জোসেফ জানান, প্রায় দুই সপ্তাহ আগে তিনি নিজের গাড়ি বিক্রির জন্য অনলাইনে বিজ্ঞাপন দিয়েছিলেন।
তাঁর অনুমান, সেই বিজ্ঞাপন থেকেই গাড়ির নম্বর সংগ্রহ করে দুষ্কৃতীরা ভুয়ো নম্বর প্লেট তৈরি করে থাকতে পারে।
রাজ্য পুলিশের ডিজি সিদ্ধ নাথ গুপ্ত জানান, “ঘটনার তদন্ত অত্যন্ত গুরুত্ব সহকারে করা হচ্ছে। একাধিক টিম তদন্তে নেমেছে। সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।”
ইতিমধ্যেই আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। প্রযুক্তির সাহায্যে হামলাকারীদের শনাক্ত করার কাজও চলছে বলে পুলিশ সূত্রে খবর।
এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।













































